WB Winter Forecast till 29th January: ঠান্ডা বাড়ল সরস্বতী পুজোয়, ঝপ করে পারদ পড়ল ১.২ ডিগ্রি! ফের জাঁকিয়ে শীত বাংলায়?
সরস্বতী পুজোর আবহে ঝপ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে গিয়েছে। তার জেরে গত কয়েকদিনের থেকে আজ সকালে কিছুটা বেশি ঠান্ডা-ঠান্ডা লাগছিল। সেই ধারা অব্যাহত থেকে কি আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে?
সরস্বতী পুজোয় পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে ঝপ করে কিছুটা পারদ পতন হয়েছে। কলকাতায় যেমন একদিনেই ১.২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সেই পারদ পতনের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। একই স্তরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা কোন কোন জেলায়?
তারইমধ্যে কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে কুয়াশা থাকবে ভোরের দিকে। তবে ঘন কুয়াশা পড়বে কয়েকটি জেলায়। যেমন শনিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই দু'দিনই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট চারটি জেলায়।
দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা?
তবে দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। শনিবার, রবিবার এবং সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। সার্বিকভাবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা কত থাকল?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি হলেও বৃহস্পতিবারের থেকে ১.২ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৮ ডিগ্রি। যা পুরোপুরি স্বাভাবিক। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির মতো।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


