চৈত্রে শীতের আমেজ! এক ধাক্কায় পারদ পতন শহরে, উত্তরে ভারী বৃষ্টির ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে বড় আপডেট
কলকাতায় রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার সপ্তাহের শেষে শুক্রবার ও শনিবার ফের বৃষ্টি হতে পারে।
বসন্তের শেষে চৈত্র সেলে যখন তপ্ত রোদের দাপট থাকার কথা, ঠিক তখনই উলটপুরাণ দেখল রাজ্যবাসী। একধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে বঙ্গে। আচমকা এই পারদ পতনে চৈত্রের শুরুতে ফের আলমারি থেকে হালকা জ্যাকেট বের করার উপক্রম হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কী ফের দুয়ারে শীত এসে হাজির হল? এরমধ্যে ফের আরও একবার আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতার ছবিটা অবাক করা। পরপর দু’দিনের ঝড়বৃষ্টিতে এক ধাক্কায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২, যা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কম। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শুক্রবারও যেখানে পারদ ছুঁয়েছিল ৩০ ডিগ্রি, সেখানে হঠাৎ এই পতনে শহরে ফিরেছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। চৈত্রের ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাত-সহ বৃষ্টির সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে আলাদা করে কোথাও সতর্কতা নেই। কলকাতায় রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার সপ্তাহের শেষে শুক্রবার ও শনিবার ফের বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পরের তিন দিনে আবার ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। এদিকে প্রশ্ন উঠছে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের পর থেকে এবং সোমবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও সতর্কতা জারি রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে। পরবর্তী তিনদিনে ফের বাড়বে তাপমাত্রা। তবে সপ্তাহজুড়ে কমবেশি বৃষ্টির দাপট বজায়ই থাকবে উত্তরবঙ্গে।
E-Paper

