Thalapathy Vijay: দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায় বিজয়! পূর্ব বর্ধমানে খুলে গেল প্রথম পার্টি অফিস, ভোটে লড়বে TVK?
Thalapathy Vijay: পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলেছে থালাপতি বিজয়ের দল টিভিকে (TVK)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে সেই কার্যালয়ের উদ্বোধন হয় রবিবার।
Thalapathy Vijay: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করেছে তামিলাগা ভেত্রি কাজাঘম (TVK)। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তামিল সুপারস্টার সি জোসেফ বিজয় (Vijay)। ২০২৬-এ দ্রাবিড় ভূমিতে ক্ষমতায় আসার পর এবার বাংলায় দলীয় কার্যালয় খুলল টিভিকে। দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে বলে জানান তাঁরা।

পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয়
পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলেছে থালাপতি বিজয়ের দল টিভিকে (TVK)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে সেই কার্যালয়ের উদ্বোধন হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিকে-এর পশ্চিমবঙ্গের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব। দলীয় নেতৃত্বের বক্তব্য, তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে যে সব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কী বলছে দলীয় নেতৃত্ব?
ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জেলায় টিভিকে-এর সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বলে দাবি দলীয় নেতৃত্বের। আগামিদিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। টিভিকে-র রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় বলেন, ‘প্রথমে আমরা সোশ্যাল মিডিয়াতেই প্রচারমূলক কাজকর্ম চালাব। পরবর্তীকালে মানুষের কাছে যখন বেশি করে পৌঁছব, তাঁদের সুবিধা-অসুবিধা, সমস্যা সবই শুনব। শিক্ষা আর চাকরি, এই দুটো আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে। আমরা চাই টিভিকে এখানে ভোটে অংশ নিক। তবে সবটাই নির্ভর করবে মানুষের উপরে। মানুষ কী চাইছেন, তার উপরে। আর কোন ভোটে আমরা লড়ব, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে। এখন উনি (থালাপাতি বিজয়) উপ নির্বাচনে ব্যস্ত। সফল হলে নিশ্চয় বিজয় স্যর আসবেন।’ এদিন অন্যান্য জেলা থেকেও অনেক সমর্থক উপস্থিত ছিলেন। বাংলায় প্রায় ৫০০০ সমর্থক রয়েছেন বলে জানিয়েছেন চৈতালি রায়।
তামিলনাড়ুতে সরকার চালাচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘম (TVK)। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই তামিলনাড়ুর রাজপাট দখল করেছে বিজয়ের দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও রাজ্যের একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা। পরে কংগ্রেস-সহ একাধিক দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছে তারা। তাঁর রাজপাট নিয়ে গোটা দেশেই বেশ চর্চা চলছে। এদিকে বাংলার রাজনীতিতেও এখন বদলের চিত্র। এই আবহে পশ্চিমবঙ্গে এবার থালাপতি বিজয়ের দলের পথচলা শুরু।
E-Paper

