রাজ্যে বিক্ষোভ-ধুন্ধুমার! সময়সীমা বৃদ্ধির আর্জি, ফর্ম ৭ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

বিজেপির দাবি, ফর্ম ৭ জমা দিতে গেলেই কোনওভাবে তৃণমূলের বাহিনী খবর পেয়ে যাচ্ছে। তারপরই বিজেপির কার্যকর্তাদের মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে।

Published on: Jan 20, 2026 1:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার, ১৯ জানুয়ারিই ছিল ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিন। আগে ১৫ জানুয়ারি অবধি সময় দেওয়া হলেও, পরে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় কমিশনের তরফে। আর ফর্ম ৭ জমার শেষ দিনে রাজ্যের জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর আর্জি জানাল বিজেপি। সোমবার সন্ধেয় এই দাবি নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

ফর্ম ৭ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি (PTI)
ফর্ম ৭ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি (PTI)

খসড়া তালিকায় কোনও মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম থাকলে, তাঁর নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ ফিল আপ করে জমা দিতে হয়। সেই ফর্ম ৭ নিয়েই যত বিতর্ক। ফর্ম ৭ নিয়ে জমা দিতে যাচ্ছেন বিজেপির কর্মীরা। আর শাসক দল তৃণমূলের অভিযোগ, ওই ফর্ম নিয়ে আদতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। সোমবার দিনভর রাজ্যের একাধিক জায়গায় ফর্ম ৭ ছিঁড়ে দেওয়ার বা পুড়িয়ে দেওয়ার ছবি দেখা গিয়েছে। সম্প্রতি এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেউ বাড়াবাড়ি করলে, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে একটু ডিজেটাও শুনিয়ে দেবেন।' সোমবারের পর প্রশ্ন উঠেছে, সেই নির্দেশই কী মেনে চলছে তৃণমূলের কর্মীরা? এই আবহে আরও অন্তত সাতদিন সময়সীমা বাড়ানো হোক বলে দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি।

এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, ফর্ম ৭ জমা দিতে গেলেই কোনওভাবে তৃণমূলের বাহিনী খবর পেয়ে যাচ্ছে। তারপরই বিজেপির কার্যকর্তাদের মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। চিঠিতে বিজেপি জানিয়েছে, 'ফর্ম ৭ জমা ঘিরে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। একজন ভোটার যত খুশি ফর্ম ৭ জমা দিতে পারেন, বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তির পরও ফর্ম জমা নিচ্ছেন না ইআরও, এইআরও-রা।' বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং এবং তাপস রায়ের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, 'ফর্ম ৭ জমা দেওয়া নিশ্চিত করতে, দাবি ও আপত্তি জানানোর জন্য ফর্ম জমা দেওয়ার সময়সীমা অন্তত এক সপ্তাহ বাড়ানো হোক।'

ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে, সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামে তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হয় বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হয় গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। মহকুমাশাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম ৭' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধে তুলকালাম। যা ঘিরে রাজ্য-রাজনীতির পারদও চড়ল সপ্তমে। এক বিক্ষোভকারী তৃণমূল কর্মী বলেন, 'আমরা আটকেছি। ওরা ভয়ে পালিয়ে গেছে। এই ভাবে হাজার হাজার ভোটারের নাম ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে।'