পরিযায়ী শ্রমিকদের হালচাল জানতে দেশজুড়ে বিরাট সমীক্ষায় নামছে কেন্দ্র

একদিকে যাঁরা জন্মভূমি বা পূর্ববর্তী বাসস্থান পুরোপুরি ছেড়ে অন্য জেলায় বা রাজ্যে গিয়ে স্থায়ীভাবে কাজ করেন, তাঁদের ধরা হবে ‘সম্পূর্ণ পরিযায়ী’। অন্যদিকে, যাঁরা বছরে ১৫ দিন থেকে ছ’মাসের মতো স্বল্প সময়ের জন্য বাইরে গিয়ে কাজ করেন, তাঁদের চিহ্নিত করা হবে ‘স্বল্পমেয়াদি পরিযায়ী’ হিসেবে। 

Published on: Nov 17, 2025 2:13 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের পরিযায়ী শ্রমিকদের বাস্তব পরিস্থিতি, কাজের সন্ধানে ঘর ছাড়ার কারণ, তাঁদের গতিবিধি ও জীবনযাত্রা সম্পর্কে সর্বাঙ্গীন ছবি তুলতে আবারও বড়সড় সমীক্ষায় নামছে কেন্দ্রীয় সরকার। জুলাই থেকে শুরু হয়েছে পরবর্তী বছরের জুন পর্যন্ত টানা বারো মাস ধরে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সমীক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রক্রিয়ার বাইরে থাকবে।

পরিযায়ী শ্রমিকদের হালচাল জানতে দেশজুড়ে বিরাট সমীক্ষায় নামছে কেন্দ্র (Raminder Pal Singh)
পরিযায়ী শ্রমিকদের হালচাল জানতে দেশজুড়ে বিরাট সমীক্ষায় নামছে কেন্দ্র (Raminder Pal Singh)

আরও পড়ুন: বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু, প্রাণ হারালেন বাংলার ৭ পরিযায়ীর

পরিযায়ী শ্রমিকদের নিয়ে শেষ পূর্ণাঙ্গ সমীক্ষা হয়েছিল ২০০৭-০৮ সালে, যা পরিচালনা করেছিল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন (এনএসও)। পরে ২০২০-২১ সালে আরেকটি সমীক্ষায় আংশিক তথ্য সংগ্রহ করা হলেও, তার পর থেকে পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থার কোনও বিস্তারিত সরকারি ডেটা প্রকাশিত হয়নি। দীর্ঘ এই বিরতির পর আবারও সারাদেশে মাঠে নামছে কেন্দ্র, যাতে নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা ও গবেষণার কাজে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।

নতুন সমীক্ষায় স্পষ্টভাবে আলাদা করে দেখা হবে দু’ধরনের শ্রমিককে। একদিকে যাঁরা জন্মভূমি বা পূর্ববর্তী বাসস্থান পুরোপুরি ছেড়ে অন্য জেলায় বা রাজ্যে গিয়ে স্থায়ীভাবে কাজ করেন, তাঁদের ধরা হবে ‘সম্পূর্ণ পরিযায়ী’। অন্যদিকে, যাঁরা বছরে ১৫ দিন থেকে ছ’মাসের মতো স্বল্প সময়ের জন্য বাইরে গিয়ে কাজ করেন, তাঁদের চিহ্নিত করা হবে ‘স্বল্পমেয়াদি পরিযায়ী’ হিসেবে। শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবার, স্থানান্তরের কারণ, কর্মপরিবেশ, আয়-ব্যয়ের ধারা সবটাই নথিবদ্ধ করবেন সমীক্ষকরা। সমীক্ষা চলবে শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই সমানতালে। কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি শ্রমিক দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দেন, আবার কোন শিল্প বা কোন এলাকায় তাঁদের কাজের চাহিদা বেশি এই তথ্যও উঠে আসবে সমীক্ষার ফলাফলে। বহু বছর পর এমন এক বিস্তৃত উদ্যোগ দেশের শ্রমিকদের প্রকৃতি বোঝার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নগরায়ন, কর্মসংস্থান এবং আন্তঃরাজ্য শ্রমচলাচল নিয়েই ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করবে কেন্দ্রকে।

News/Bengal/পরিযায়ী শ্রমিকদের হালচাল জানতে দেশজুড়ে বিরাট সমীক্ষায় নামছে কেন্দ্র