West Bengal Weather Forecast: মহানগরে দুর্যোগের ভ্রূকুটি! দক্ষিণের ৬ জেলায় ঝড়বৃষ্টির দাপট, মৎস্যজীবীদের...

West Bengal Weather Forecast: হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published on: May 05, 2026 12:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

West Bengal Weather Forecast: বিধানসভা নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত পরিসংখ্যান এখন অনেকটাই থিতু হয়েছে। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বাংলার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গিয়েছে। রাজ্যের সঙ্গে কী প্রকৃতিরও মুড বদলাচ্ছে? গরমের অস্বস্তি ফিরবে নাকি আপাতত বৃষ্টিস্নাতই থাকবে শহরের মাটি? আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? এক নজরে দেখে নিন আবহাওয়ার আপডেট।

মহানগরে দুর্যোগের ভ্রূকুটি!  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
মহানগরে দুর্যোগের ভ্রূকুটি! (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

ওড়িশা এবং মধ্যপ্রদেশে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। ছত্রিশগড় থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায়। তবে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঝড়ের গতিবেগ। দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের জন্যেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূল ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে।

কলকাতার আজকের আবহাওয়া

মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ খুব কম ছিল, আবহাওয়া দফতর জানিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার বজ্রঝড়-সহ বৃষ্টি আরও জোরদার হতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৪ শতাংশ।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে গোটা সপ্তাহজুড়েই চলবে ঝড়বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামিকাল অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে।