আবহাওয়ার মুড বদল! বাড়ছে হিমেল হাওয়ার গতি, পৌষ পার্বণে কেমন থাকবে শীতের ইনিংস?

শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে। মেঘের কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল।

Published on: Jan 12, 2026 3:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুড বদল আবহাওয়ার। কিছুটা থমকালেও সোমবার থেকে বাংলায় ফের শীতের কামব্যাক ঘটল। নিম্নচাপের মেঘ সরতেই বাড়ছে হিমেল হাওয়ার গতি। যার জেরে এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা। তবে এখানেই থামছে না শীতের ঝড়ো ইনিংস। মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে কতদিন চলবে এই হাড় কাঁপানো ঠান্ডা? জেনে নিন আগাম আপডেট।

পৌষ পার্বণে কেমন থাকবে শীতের ইনিংস? (সৌজন্যে টুইটার)
পৌষ পার্বণে কেমন থাকবে শীতের ইনিংস? (সৌজন্যে টুইটার)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে। মেঘের কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল। তবে সোমবার ফের কমল তাপমাত্রার পারদ। আজ ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা, যেখানে গতকাল অর্থাৎ রবিবারই কলকাতায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে বলেই পূর্বাভাস। জাঁকিয়ে শীত বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে। অন্যদিকে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে বিক্ষিপ্তভাবে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। শুধু কলকাতা নয়, জেলার দিকেও তাপমাত্রা কমছে। সোমবার কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি। ব্যারাকপুর, বহরমপুরের তাপমাত্রা আজ রয়েছে ১০ ডিগ্রিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে ঠান্ডা আরও কিছুটা বাড়বে। আগামীকাল আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

এক নজরে উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি মতো জেলায় কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের চার জেলায় আজও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আপাতত সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। চলবে শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোনও হেরফের হবে না আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। সোমবার আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে ১২.৪ ডিগ্রিতে, দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৩.৬ ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি, কোচবিহারে ৯.১ ডিগ্রি, জলপাইগুড়িতে ৯.৭ ডিগ্রি তাপমাত্রা। দার্জিলিংয়ে এক সময়ে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১.৬ ডিগ্রিতে।