চৈত্রে কালবৈশাখীর দাপট! রবিবাসরীয়তেই বঙ্গে বদলাবে আবহাওয়া, বৃষ্টিতে ভিজবে কলকাতা?

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গল ও বুধবার।

Published on: Apr 5, 2026, 13:57:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছুটির দিন সকাল থেকেই মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। শনিবার যে তীব্র গরম ছিল, তা রবিবার যেন কর্পূরের মতো উবে গিয়েছে। সকাল থেকে হালকা রোদ থাকলেও হাওয়া বইছে ভালোই। যেন মিনি কালবৈশাখী। এরমধ্যেই সাময়িক স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। বৃষ্টিবে ভিজবে উত্তরবঙ্গও। আপনিও কী আজ প্রিয়জনের সঙ্গে বা পরিবারকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে বেরনোর আগে বাংলার আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে জেনে নিন।

রবিবাসরীয়তেই বঙ্গে বদলাবে আবহাওয়া (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
রবিবাসরীয়তেই বঙ্গে বদলাবে আবহাওয়া (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার প্রভাবে রবিবার থেকে রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির স্পেল শুরু হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গল ও বুধবার। রবিবার দুপুরের পর বা বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের ভ্রুকুটিও রয়েছে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের ওপর এরকমই থাকবে বলে খবর। ভিজতে পারে কলকাতাও। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। মঙ্গলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ, রবিবার সকাল থেকেই আবহাওয়া বদলে গিয়েছে উত্তরবঙ্গেরও। পাহাড়ি জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়-বৃষ্টি হবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে ভাসতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। আগামী চারদিনে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে।