Park Street milk row: ফুটপাথে দুধ গরম বিতর্ক! শিশু কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, বড় আশ্বাস শুভেন্দু অধিকারীর
Park Street milk row: মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
Park Street milk row: পার্ক স্ট্রিটের (Park Street) ফুটপাথে দুধ গরম করাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের আবহে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার শিশু কোলে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন সংশ্লিষ্ট ঘটনায় আলোচনায় আসা সীতাদেবী। বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছান। তাঁকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন।' একই সঙ্গে পুরসভাকে তিনি নির্দেশ দেন, তাদের দ্রুত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

ঠিক কী ঘটেছে জনতার দফতরে?
মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এরপর বাচ্চাদের মাথায় হাত দিয়ে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, 'বিজেপি সরকার সকলের জন্য। সব ব্যবস্থা নেওয়া হবে।' ওই মহিলার বাসস্থান আশ্বস্ত করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর তিনি সাংবাদিকদের জানান, ‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে। উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।'
এ প্রসঙ্গে বিগত দুই সরকারের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘উনি (সীতাদেবী) কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাথ থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল। সীতাদেবী এখানে এসে বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি।'
মূল ঘটনাটি ঠিক কী?
দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা সীতাদেবী। যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাঁকে সেই কাজে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। পরে প্রশ্ন করে জানতে পারেন, তাঁদের কোনও বাড়ি বা থাকার জায়গায় নেই। ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই ঠিকানা। এই ভিডিও ভাইরাল হতে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ফুটপাথবাসীর প্রতি মন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তবে, পাল্টা বিরোধীদের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রশ্ন তুলেছেন, 'বিরোধীদের কান্নাকাটি শুনলাম। কেউ সেদিন একবাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সকলে রাজনীতির আগুনে রুটি সেকেছে। ২৮ বছর কংগ্রেস, ৩৪ বছর সিপিএম, ১৫ তৃণমূল মানুষকে ঠকিয়েছে। পয়সা নিয়ে ফুটপাথে হকার বসিয়েছে, দুর্নীতি করেছে তাদের থেকে মানবিকতা শিখব না।' মন্ত্রী আরও প্রশ্ন তোলেন, 'ফুটপাথে এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছে, এক গামলা দুধ ছ’মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালানো হয়েছে ব্যস্ত রাস্তায়? যে কোনও সময় দুর্ঘটনা ঘটবে। কে দায় নেবে?' এবার ওই পরিবারটিকে মাথার উপর ছাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
E-Paper

