গঙ্গাবঙ্গে স্বপ্নসফর! কলকাতায় শুরু হচ্ছে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

যাত্রীদের সুবিধার জন্য গঙ্গার ঘাটগুলিতে স্মার্ট কার্ড গেট বসানো হয়েছে।

Published on: Feb 26, 2026, 22:47:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ২০২৪ সালের ১৫ মার্চ ঠিক সকাল ৭ টায় এই শহরেই প্রবল উচ্ছ্বাস ধ্বনি দিয়ে শুরু দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলাচল। বর্তমানে দিনে হাজার হাজার যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর এবার জল পরিবহণকে আরও আধুনিক ও দ্রুত করতে গঙ্গাবক্ষে ‘ওয়াটার মেট্রো’ চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

কোচির ওয়াটার মেট্রো (December 12, 2025-March 31)
কোচির ওয়াটার মেট্রো (December 12, 2025-March 31)

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে। এই প্রকল্পের বিষয়ে অর্থ দফতরের ছাড়পত্রও মিলেছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে কোচির ওয়াটার মেট্রোর এক প্রতিনিধি দল আসবে। কীভাবে গোটা পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রেজেন্টেশন দেবে। সূত্রের খবর, কোচির ধাঁচে এখানেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হবে। এগুলো হবে পরিবেশবান্ধব। যার মাধ্যমে যাত্রীরা দ্রুত ও স্বচ্ছন্দে গঙ্গাবঙ্গে যাতায়াত করতে পারবেন। তবে শুধু ওয়াটার মেট্রোই নয়। বিশ্বব‌্যাঙ্কের আর্থিক সহায়তায় সেজে উঠেছে গঙ্গাপারও। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব‌্যয়ে নামছে ১৩টি ই-ভেসেল। তাছাড়া আরও ২২টি ভেসেল তৈরি করা হয়েছে, যেগুলো শীঘ্রই গঙ্গাবঙ্গে নামবে।  

এছাড়া সেজেছে গঙ্গাপারও। যাত্রীদের সুবিধার জন্য গঙ্গার ঘাটগুলিতে স্মার্ট কার্ড গেট বসানো হয়েছে। এক কথায় জলপরিবহণকে ঢেলে সাজানো হবে আগামী দিনে। নবান্ন সূত্রে খবর, দেলের পরই কলকাতা পুরসভায় ওয়াটার মেট্রো একটি বৈঠক করার কথা। সেখানে রাজ্যের তরফেও কী কী পরিকল্পনা তা কোচির ওয়াটার মেট্রোর আধিকারিকদের সামনে তুলে ধরা হবে। কী ধরনের বোট তৈরি হবে, বা গোটা প্রকল্পের খরচ কীরকম সবই ওই দিন আলোচনা হবে।

কোচি ওয়াটার মেট্রো

কোচি ওয়াটার মেট্রো হল ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা, যা কেরলের কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এটি অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট যেগুলো পরিবেশবান্ধব এবং দ্রুত যাতায়াত করা যায়। এখানে ওয়াটার মেট্রো চালু হবে রাস্তায় যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তবে এখানকার ওয়াটার মেট্রো কীভাবে হবে, কী তার গাইডলাইন হবে, তা আগামী সপ্তাহের বৈঠকে ঠিক হওয়ার সম্ভাবনা। কোচি ওয়াটার মেট্রো এটি সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটর (হাইব্রিড)- দুই প্রযুক্তিতেই চলে। এখানেও তেমন অত‌্যাধুনিক বোট বানানো হতে পারে। নবান্নের এক কর্তার কথায়, আপাতত এই পরিকল্পনা একেবারেই প্রাথমিক ধাপে রয়েছে। এখনই বিশদে বলার সময় আসেনি। আগামী সপ্তাহের বৈঠকের পর কিছুটা পরিষ্কার হবে।