Tigresss Feat: লোহার এনক্লোজারেও আটকানো গেল না! অসম থেকে ফেরানোর পর ফের উধাও বক্সার বাঘিনি, জারি রেড অ্যালার্ট
Tigresss Feat: ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনিকে কাবু করা হয়। এরপর ওই বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়া হয়।
Tigresss Feat: দিন কয়েক আগেই তোড়জোড় করে অসম থেকে ফিরিয়ে আনার পরও আটকে রাখা গেল না বক্সারের বাঘিনিকে (Tigress)। নজর এরিয়ে লোহার এনক্লোজার থেকে বেরিয়ে গেল ‘ডুয়ার্সের রানি।’ বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট (Buxa Tiger Reserve) থেকে উধাও বাঘিনি। ইতিমধ্যেই বাঘিনির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জঙ্গলজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

বাঘিনির সঠিক অবস্থান এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না বলে খবর। কারণ তাঁর গলায় রেডিও কলারটি ক্ষতিগ্রস্থ হতে পারে মনে করা হচ্ছে, সেই কারণেই তার অবস্থান জানতে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বলে মনে করছেন অনেকে। অন্য একটি সূত্রের দাবি, তিন ঘণ্টা অন্তর অন্তর বাঘিনির অবস্থান জানতে পারছে বন দফতর। বাঘিনিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পর ত্রিস্তরীয় দল পুনর্গঠন করা হয়েছিল। এনক্লোজারের ভিতরে থাকার কারণে এই দলের বনকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাঘিনি ফের এনক্লোজার ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তড়িঘড়ি তাঁদের আবার দলীয় দায়িত্বে ফিরিয়ে আনা হয়। বক্সার বাঘিনীকে কয়েক দিন আগেই ফিরিয়ে আনা হয় অসম থেকে। তবে কীভাবে এনক্লোজার থেকে বেরিয়ে গেল বাঘিনি, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। লোহার এনক্লোজার ভেঙে বেরিয়েছে, নাকি অন্য কোনও উপায়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কোনও তথ্য দিচ্ছেন না বনকর্তারা।
বিহার থেকে বাংলায়, পালিয়ে যায় অসমে
ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনিকে কাবু করা হয়। এরপর ওই বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়া হয়। উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি বিশেষ এনক্লোজারে তাকে রাখা হয়। এরপর ২ অক্টোবর বাঘিনিকে মুক্ত বনাঞ্চলে চলে যাওয়ার সুযোগ করে দিতে এনক্লোজারের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু সেদিন এনক্লোজার থেকে বের হয়নি সে। তবে ৪ অক্টোবর সেখান থেকে পালিয়ে যায় বাঘিনি। সংকোশ নদী পেরিয়ে পৌঁছে যায় অসমের রাইমোনা বনাঞ্চলে।
প্রথমদিকে বাঘিনীর স্বাভাবিক বিচরণে বাধা দিতে চায়নি বন দফতর। কিন্তু পরবর্তী সময়ে লোকালয়ের কাছাকাছি তার উপস্থিতি এবং গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বাঘিনিকে ফিরিয়ে আনতে নিজে অসমে যান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। শেষ পর্যন্ত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার ডটমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতরের যৌথ অভিযানে তিনটি কুনকি হাতির সাহায্যে ওই বাঘিনিকে ঘিরে ফেলা হয়। প্রায় দু’ঘণ্টার অভিযানের পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়। এরপর বক্সায় ফিরিয়ে এনে পুনরায় এনক্লোজারে রাখা হয়। কিন্তু রবিবার দুপুরে ফের সেই এনক্লোজার থেকে পালিয়ে যায় ‘ডুয়ার্সের রানি।’
কেন বারবার পালিয়ে যাচ্ছে বাঘিনি?
কিন্তু, বারবার এই পালিয়ে যাওয়ার কারণ কী? বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, বিহারের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জঙ্গলে এনে কৃত্রিম এনক্লোজারে রাখা এবং বারবার ফিরিয়ে আনার এই প্রক্রিয়া কী বাঘিনির চলে যাওয়ার অন্যতম কারণ? লোহার জালের বেড়া টপকে কীভাবেই বা পালাল, তা নিয়েও প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে বাঘিনি। এই বিষয়ে বন দফতরের আধিকারিকদের একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। রাজ্যের বন্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, 'এই বিষয়ে যা বলার, বনমন্ত্রীই বলবেন।' অন্যদিকে, রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, 'আমি এই বিষয়ে কিছুই বলব না। আধিকারিকরা আছেন। তাঁরা বিষয়টি দেখছেন। কোনও কাজে অসুবিধে হবে না।'
E-Paper

