ফর্ম ৬ খণ্ডযুদ্ধ! যুবককে হাতেনাতে ধরে বিক্ষোভ TMCর, পাল্টা BJPর জমায়েতে তপ্ত সিইও দফতর

মঙ্গলবার বেলায় আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন।

Published on: Mar 31, 2026, 16:42:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফর্ম-৬ নিয়ে সোমবার রাত থেকেই সুর চড়াচ্ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। কিন্তু তাঁকে ‘হাতেনাতে ধরে ফেলা হয়’, অভিযোগ তুলে তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সিইও অফিস চত্বর। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তাঁরাও সিইও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান। স্লোগান, পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা ধারণ করে সিইও অফিসের সামনের রাস্তা। সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে।

উত্তপ্ত সিইও দফতর (সৌজন্যে ফেসবুক )
উত্তপ্ত সিইও দফতর (সৌজন্যে ফেসবুক )

জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে ধরে তৃণমূলপন্থী বিএলও-রা টানাটানি শুরু করেন। ক্যামেরায় ধরা পড়েছে, এক যুবক একতাড়া কাগজ বগলদাবা করে সিইও অফিসে ঢুকছেন। তবে সেগুলি কী কাগজ, তা স্পষ্ট নয়। আদৌ সেগুলি ফর্ম ৬ কিনা, তা জানা যায়নি। তা নিয়েই এদিন দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও অফিস চত্বর। বিক্ষোভে শামিল হন তৃণমূলপন্থী বিএলওরা।

সিইও অফিসে ফর্ম ৬ জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলও-রা বিক্ষোভ শুরু করেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মী-সমর্থকরা। নেতৃত্বে দেখা যায় চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। গেরুয়া শিবিরের অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি, তা স্পষ্ট নয়। তবে সিইও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেয় বিজেপিও। আর তার ঠিক কিছুটা দূরে অবস্থানে বসে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা। দু’পক্ষের জমায়েতে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। গার্ডরেল দিয়ে দু’পক্ষকে আটকানোর চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের গার্ডরেল ভেঙে, টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েক জন। তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ফর্ম-৬: প্রাণভোমরা?

ফর্ম ৬-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপির। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে সিইও অফিস গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিস থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, নিজেদের ভোট সুরক্ষিত করতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঠাঁই দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সে জন্যই সোমবার বস্তাভর্তি ফর্ম ৬ নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গিয়েছেন কয়েক জন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর নির্দেশে ওই নামগুলো বেআইনি ভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফর্ম ৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন তিনি।