ভবানীপুরে 'বেআইনি' দলীয় শিবির! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ্যানগঞ্জে জোর করে ক্যাম্প অফিস তৈরি করছে বিজেপি।
বাংলায় ভোটের মুখের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র হল ভবানীপুর। কারণ, এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিরোধী বিধানসভার দলনেতা শুভেন্দু অধিকারী। মুখোমুখি দুই যুযুধান প্রার্থীর দিকেই এবার সকলের নজর। এই আবহে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল শাসকদল তৃণমূল।

শাসক দলের অভিযোগ, ভবানীপুরে শুভেন্দু অধিকারী নাকি জোর করে নিজের নির্বাচনী কার্যালয় খুলেছেন। কলকাতা পুলিশ ও পুরসভার নিষেধাজ্ঞার কোনও তোয়াক্কা না করেই এই কাজ করেছেন শুভেন্দু। অফিসের ঠিকানা ভবানীপুরের ২৩ বি, অরফ্যানগঞ্জ। শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দুর এই আচরণে ক্ষুব্ধ তৃণমূল। এবার রীতিমতো প্রমাণ সহকারে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ্যানগঞ্জে জোর করে ক্যাম্প অফিস তৈরি করছে বিজেপি। কারণ, যে জমিতে অফিস হচ্ছে সেখানে ২০২৫ সালের ৮ অক্টোবর নোটিস পাঠিয়ে কাজ বন্ধ করেছে পুরসভা। এতমাস পর সেই নির্দেশ অমান্য করেই নির্মাণ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলিপুর থানায় পুরসভা অভিযোগ জানিয়েছে।
নির্বাচন কমিশনকে চিঠি
নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে সুব্রত বক্সি জানিয়েছেন, 'দুটি লরি ভর্তি করে বাঁশ ও নির্মাণ সামগ্রী নিয়ে জোর করে জমিতে কাজ শুরু করা হয়েছে। আইন মেনে সেই নির্মাণ কাজে বাধা দিতে গেলে বিরোধী দলনেতা পুলিশকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন।' পুলিশের আপত্তি উপেক্ষা করে ঘটনাস্থলে এসে তীব্র ভাষায় শুভেন্দু তাঁদের আক্রমণ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ভোট মিটলে পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুমকিও তিনি দিয়েছেন বলে অভিযোগ। কমিশনকে দু’পাতা চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দাবি, ভবানীপুরের পুরসভার নিষেধাজ্ঞা জারি করা ওই এলাকায় অবিলম্বে বিজেপি প্রার্থীর নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং নির্বাচনী বিধি মেনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। শুভেন্দুর এই অনৈতিক কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কমিশনকে অভিযোগপত্র জমা দিয়েছে রাজ্যের শাসকদল।
যদিও পাল্টা বক্তব্য উঠে এসেছে বিজেপির তরফে। শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশ অমান্য করেননি। তিনি অস্থায়ী পার্টি অফিস করছেন মন্তব্য বিজেপি সাংসদ রাহুল সিনহার। তৃণমূলের এই অভিযোগের পর কমিশন কোন পথে হাঁটে সেটাই এখন দেখার।
E-Paper

