TMC MLA Attack: আক্রান্ত তৃণমূল বিধায়ক! গাড়িতে ভাঙচুর-মারধরের অভিযোগ, বারুইপুরে হুলুস্থূল

TMC MLA Attack: পরিবারের সূত্রে খবর, বিধায়কের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় বিধায়কের নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Published on: Oct 11, 2026, 16:09:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

TMC MLA Attack: দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি। বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিভাস সরদার গাড়িতে দফায় দফায় হামলা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি চলে বেধড়ক মারধর। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে পরিবার সূত্রে খবর।

বারুইপুরে আক্রান্ত তৃণমূল বিধায়ক (সৌজন্যে এক্স )
বারুইপুরে আক্রান্ত তৃণমূল বিধায়ক (সৌজন্যে এক্স )

সূত্রের খবর, বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত জয়নগর থানার মনসাতলা গিয়েছিলেন বিধায়ক বিভাস সরদার। সেখানে যাওয়ার পর বেশ কিছু দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে। অভিযোগ, গাড়িতে বসে থাকা অবস্থায় তাঁকে আক্রমণ করা হয়। গাড়ির কাচ ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর করা হয়। গুরুতর চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। খবর পেয়ে বিরাট সংখ্যা পুলিশ বাহিনী বারুইপুর মহকুমা হাসপাতাল এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে মোতায়ন করা হয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়কের সিটি স্ক্যান করা হয়েছে। পরিবারের সূত্রে খবর, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় বিধায়কের নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বিভাস সরদার। তাঁর অভিযোগ, স্থানীয় মণ্ডল সভাপতি-সহ বিজেপির নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে যুক্ত। এ প্রসঙ্গে বিভাস সরদার বলেন, 'যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সকলে শাসক দলের দুষ্কৃতী। আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল।' তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপি তরফে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনও উত্তর দেননি। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও তদন্তসাপেক্ষ।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দারের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা শাসকের দফতরের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মনোনয়ন জমা দিতে আসার সময় প্রার্থীকে ঘিরে থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা ক্রমশ ধস্তাধস্তি ও ঠেলাঠেলির আকার নেয়। ফলে কিছু সময়ের জন্য এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।