Mitali Bag: 'আমাকে প্রাণে মেরে...,' TMC সাংসদের গাড়িতে হামলায় তপ্ত গোঘাট, কাঠগড়ায় BJP, ক্ষুব্ধ অভিষেক বললেন…
Mitali Bag: কেন গাড়িতে হামলা চালানো হল, বার বার সেই প্রশ্ন তুলে কমিশনকে আক্রমণ করেন মিতালি বাগ। গাড়িতে যেতে যেতেই তিনি লাইভ স্ট্রিমিং করেন। তৃণমূল সাংসদ বলেন, ‘আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।’
Mitali Bag: ভোট যত এগিয়ে আসছে, তপ্ত হচ্ছে হুগলির আরামবাগের মাটি। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে হুগলির গোঘাটে তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলার জন্য সরাসরি বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে তোপ দেগেছেন সাংসদ। আহত অবস্থায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?
এদিন আরামবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ছিল। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বিজেপি প্রার্থীর কার্যালয়ের সামনের এলাকা। মিতালী বাগের অভিযোগ, বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে রাস্তা আটকে তৃণমূলের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। সাংসদ মিতালি বাগ নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করে ভাঙচুর হওয়া গাড়ির দৃশ্য দেখান। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, 'দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা আমার গাড়ির ওপর হামলা চালিয়েছে। এখনও ভোট শুরু হয়নি। দেখুন একজন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’
তৃণমূল সাংসদের আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। পুরো গাড়িটাকে ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, ‘গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।’ এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর দাবি, কমিশনের প্রশ্রয়েই বিজেপি এভাবে একজন মহিলা জনপ্রতিনিধির কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।’
কেন গাড়িতে হামলা চালানো হল, বার বার সেই প্রশ্ন তুলে কমিশনকে আক্রমণ করেন মিতালি বাগ। গাড়িতে যেতে যেতেই তিনি লাইভ স্ট্রিমিং করেন। তৃণমূল সাংসদ বলেন, ‘আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।’ সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূল কোনও ভাবেই হার মানবে না। এরপরই তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ, কী ভাবে একজন মহিলার উপর নির্যাতন করা হল। নির্বাচন কমিশন, তোমাদের এর জবাবদিহি করতে হবে।’ এদিকে, জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির প্রতিক্রিয়া
অন্যদিকে, হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেন, ‘প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করছেন।’ এই ঘটনাকে কেন্দ্র করে ভোট শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে আরামবাগ ও গোঘাট সংলগ্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
মিতালি বাগের উপর হামলার প্রতিবাদে আরামবাগের পথসভা থেকেই বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, 'আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে।' আরামবাগে প্রচার থেকেই সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদকে হাসপাতালে দেখে অভিষেক রোড শো থেকে বলেন, 'সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। ২০১১ সালে আরামবাগের মানুষ যে সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল, সেই দিনগুলো কী আবার ফিরিয়ে আনতে চান? যারা মিতালীকে আক্রমণ করেছে, আমার নজর সবার ওপর রয়েছে।' তিনি আরও বলেন, 'কারা মিতালির ওপর চড়াও হয়েছে আমরা সব জানি। সোমাশ্রী, ওর স্বামী, সৌমেন পাল, দোলন-ওরা সবাই যুক্ত। সিসিটিভি ক্যামেরা দেখে বাকিদেরও খুঁজে বের করা হবে।'
E-Paper

