কলকাতার যানজট কমাতে উদ্যোগ, শহরজুড়ে একাধিক নতুন রাস্তা তৈরির সবুজ সঙ্কেত
উত্তর-পূর্ব কলকাতায় যানজট কমানোর লক্ষ্যেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বেলেঘাটা অঞ্চলে ক্যানাল সাউথ রোডকে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া করার পরিকল্পনা রয়েছে।
বাড়তে থাকা জনঘনত্ব, যানবাহনের চাপ এবং পুরনো রাস্তার সীমাবদ্ধতা এই তিনের চাপে নিত্যদিন রীতিমতো বিপর্যস্ত কলকাতার ট্রাফিক ব্যবস্থা। সেই বাস্তবতা মাথায় রেখে শহরের বিস্তৃত সড়ক উন্নয়ন প্রকল্পে সিলমোহর দিল কলকাতা পুরসভা। মেয়র পারিষদদের সাম্প্রতিক বৈঠকে সমীক্ষা বিভাগের রিপোর্টের ভিত্তিতে শহরের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা অনুমোদন পেয়েছে। উপযুক্ত নকশা ও প্রাথমিক অনুমোদনের কাজ শেষ হওয়ায় এবার ধাপে ধাপে নির্মাণে নামছে পুরসভা।

আরও পড়ুন: গঙ্গাসাগরে ফেলে যাওয়া নোংরা দিয়ে রাস্তা তৈরি করছে রাজ্য! কাজ শুরু হল ক্যানিংয়ে
সবচেয়ে বড় প্রস্তাবগুলির মধ্যে অন্যতম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে চায়না টাউনের ভিতরে একটি ৮০ ফুট প্রশস্ত নতুন রাস্তা তৈরির পরিকল্পনা। এলাকাটিতে আবাসন প্রকল্পের দ্রুত বিস্তার এবং আগামী দিনে জনযাতায়াত বাড়ার সম্ভাবনা বিবেচনায় রেখে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুরসভা। চায়না টাউনের ঐতিহ্যবাহী গেট যাতে অবিকৃত থাকে, সেই নির্দেশ মেনে রাস্তার নকশা তৈরি করা হয়েছে। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট চওড়া করার অনুমোদনও দেওয়া হয়েছে। পাশাপাশি মিলনমেলা প্রাঙ্গণের পশ্চিম দিক দিয়ে সায়েন্স সিটি হয়ে পার্ক সার্কাস কানেক্টরে যুক্ত হবে ৩০ ফুট চওড়া একটি নতুন রাস্তা, যা ভবিষ্যতে শহরের একটি ছোট রিং রোডের ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।
বাইপাসের মঠেশ্বরতলায় বেশ কয়েকটি আবাসন সংস্থা নতুন প্রকল্প হাতে নেওয়ায় সেখানে উপযুক্ত অ্যাক্সেস রোড তৈরি করতেও এগোচ্ছে পুরসভা। শহরের ১০৯ নম্বর ওয়ার্ডের চকগড়িয়া এলাকায় এক বেসরকারি হাসপাতাল থেকে এক বহুতল আবাসিক কমপ্লেক্স পর্যন্ত প্রায় আধ কিলোমিটার লম্বা ও ২০ ফুট চওড়া নতুন রাস্তা গড়ে তোলা হবে। বর্তমানে জায়গাটি খোলা মাঠ হওয়ায় বিশেষ বাধা নেই বলেই ধারণা। জীবনানন্দ সেতুর নীচ দিয়ে সেলিমপুর রোডের সঙ্গে যুক্ত করার জন্য আরও একটি ৩০ ফুট চওড়া রাস্তার কাজ শুরু হবে শিগগিরই।
উত্তর-পূর্ব কলকাতায় যানজট কমানোর লক্ষ্যেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বেলেঘাটা অঞ্চলে ক্যানাল সাউথ রোডকে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া করার পরিকল্পনা রয়েছে। চাউলপট্টি রোডও ৩০ থেকে ৪০ ফুট চওড়া করার প্রক্রিয়া শুরু হবে। কসবার নোনাডাঙায় ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি স্কুলের সামনে থেকে খালপাড় বরাবর যে সরু রাস্তা দুই কিলোমিটার ধরে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে চলে গিয়েছে, সেই রাস্তা ৮০ ফুট চওড়া করা হবে। বর্তমানে সরু রাস্তাটিতে নিয়মিত যানজট হওয়ায় বাইপাস সংলগ্ন এই করিডরের চাপ কিছুতেই কমছে না। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই সড়কই হয়ে উঠতে পারে বিকল্প গতিমুখ।
পুরসভার রাস্তা বিভাগের এক শীর্ষ আধিকারিকের কথায়, শহরে জনবসতি এবং যানবাহনের সংখ্যা যে হারে বাড়ছে, সে তুলনায় রাস্তার প্রশস্ততা বা সংখ্যায় তেমন বৃদ্ধি হয়নি। যেখানে রাস্তা সম্প্রসারণ বা নতুন নির্মাণের সুযোগ রয়েছে, সেখানে যথাযথ সমীক্ষা করে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












