CM Suvendu Adhikari: 'কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে...,' মৌসম বদলালেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: শনিবার সন্ধেয় বালিগঞ্জে বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ‘অভিনন্দন আপনো কো’ বলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুকুট পরিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

Published on: Jun 14, 2026, 13:09:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CM Suvendu Adhikari: গুন্ডারাজ নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় গুন্ডাগিরির দিন যে শেষ সেকথা বুঝিয়ে দিয়ে তিনি বললেন, 'কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে পাঠিয়ে দেবেন নিচে নাম আর মোবাইল নম্বর লিখে।' শুধু তাই নয়, পার্টির নেতার নাম করে বা জনপ্রতিনিধিদের নাম যদি অন্যায়ভাবে কেউ ব্যবহার করে তাহলেও তাঁকে জানাতে বললেন শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, সরকার বদলানো ঝান্ডার পরিবর্তন নয়, একটা ব্যবস্থার পরিবর্তন।

মৌসম বদলালেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মৌসম বদলালেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার সন্ধেয় বালিগঞ্জে বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ‘অভিনন্দন আপনো কো’ বলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুকুট পরিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র সিং রাঠোর ছাড়াও সাওয়ার ধনানিয়া, শিশির বাজোরিয়া, আজমেঢ়ের প্রাক্তন মেয়র নীরজ জৈন, প্রকাশ প্যাটেল প্রমুখ। অনুষ্ঠানে শিল্পপতিরা-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ছিলেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেটা পালন করতে হবে। ২৪X৭ ঘণ্টা কাজ করতে হবে। সবার দায়িত্ব নিতে হবে। তাই আসতে একটু দেরি হল।' তিনি আরও বলেন, বাংলাকে খাড়া করতে হবে। বাংলার অর্থনীতিকে মজবুত করতে হবে, বিনিয়োগ আনতে হবে। এই সরকার শিল্পবান্ধব, স্বচ্ছ জমিনীতি হবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক থাকবে। আগের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'এত অহংকার, এত অত্যাচার, পুলিশ গুন্ডাকে দিয়ে রাজ্যকে বরবাদ করেছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত এই শক্তিকে উপড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। ওদের পার্টিও বরবাদ হয়ে গিয়েছে।'

ভবানীপুরের বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাঁর জয় সুনিশ্চিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'ভবানীপুরকে আরও উন্নত করতে হবে। কেউ গুন্ডামি করলে হোয়াটসঅ্যাপ করে দেবেন। পার্টির নাম যে বা যারা অপব্যবহার করবে, তাদের বার্তা দিয়ে দেবেন, এসব চলবে না। ব্যবস্থার পরিবর্তন করতে হবে। ভবানীপুরে গুরুদ্বারাতে মাথা ঠোকা বাকি আছে। কয়েকদিনের মধ্যে সেটা করব। বাঙালি, শিখ, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ আমাকে জিতিয়েছেন ভবানীপুরে। শুধুমাত্র ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া। মেয়রের (ফিরহাদ হাকিম) ওয়ার্ড ৮২ নম্বর থেকে লিড পেয়েছি।' একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দরজা দেখানোর কাজ শুরু করেছি। ৫ হাজার লোককে ভাগিয়েছি। ১২টা হোল্ডিং সেন্টার শুরু করেছি।' বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মৌসম বদলেছে, মহল বদলাচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, 'তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটরাজ আছে? পুলিশের টোন বদলেছে কি বদলায়নি? গুন্ডারা মাফ চাইছে জনতার কাছে।' কলকাতা ও বিধাননগরের মেয়র পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, তিনজলা-কসবায় বিনা প্ল্যানে বাড়ি। পহেলে ঝাঁকি হ্যায়, আভি বহুত কুছ বাকি হ্যায়।