২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Rekha Patra Update: রেখা পাত্রর ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালারস, এখনও কেমন আছেন তিনি? অসুস্থতার কারণ নিয়ে ধোঁয়াশা
হাসপাতাল সূত্রে খবর, রেখার শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। তাঁর সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, মুখের মধ্যে অতিরিক্ত লালারস জমছে। তিনি সম্পূর্ণ সচেতন না থাকায় সেই লালারস ফুসফুসে ঢুকে যাচ্ছে। এর ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শরীরে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বিধায়ককে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় নতুন করে সাড়া দিচ্ছেন না তিনি। তবে রবিবারের পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়নি। এদিকে সিটি স্ক্যানের রিপোর্টে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দেখা গিয়েছে, মুখে জমে থাকা লালারস ও জলীয় পদার্থ ফুসফুসে ঢুকে যাচ্ছে। ফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়ছে। ফুসফুসের কার্যকারিতা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকেরা।

গত শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নিজের ভাড়া বাড়িতে ছিলেন তিনি। রাত সাড়ে ৮টা নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিবারের লোকজন ও বিজেপি কর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় সান্দেলেরবিলের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি করতে পারেননি। পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। বর্তমানে আনন্দপুরের আর এন টেগোর হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, রেখার শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। তাঁর সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, মুখের মধ্যে অতিরিক্ত লালারস জমছে। তিনি সম্পূর্ণ সচেতন না থাকায় সেই লালারস ফুসফুসে ঢুকে যাচ্ছে। এর ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে। শ্বাসকষ্টের পাশাপাশি ফুসফুসের স্বাভাবিক কাজকর্ম নিয়েও চিন্তায় রয়েছেন চিকিৎসকেরা। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে থাকলেও শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি। তা কমাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
কিন্তু কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়ক? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। রেখার পরিবারের তরফে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হয়েছে। অন্য দিকে পরিবারের সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর রক্তে হার্বাল লার্ভিসাইড বা কীটপতঙ্গের লার্ভা মারার একটি রাসায়নিকের উপস্থিতির সন্দেহ করা হচ্ছে। তবে এই রাসায়নিকের উপস্থিতি এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়ে থাকতে পারেন রেখা। কী খেয়ে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। প্রয়োজনীয় পরীক্ষাও চলছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রেখার চিকিৎসার বিষয়ে নজর রাখছেন। চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে। মন্ত্রীর বক্তব্য, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিধায়ক। তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। হাসপাতালের তরফে আপাতত সরাসরি কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হচ্ছে না। রাজ্য সরকারের মাধ্যমেই স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন রেখা পাত্র। তৃণমূলের তৎকালীন নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন ও জমি দখলের অভিযোগ ঘিরে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন। তাঁর আচমকা অসুস্থতা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। আপাতত চিকিৎসকদের লক্ষ্য, শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ন্ত্রণে এনে তাঁকে বিপন্মুক্ত করা।
E-Paper
