বড়দিনে বড় নিরাপত্তা বলয়! মেসি-কাণ্ড থেকে সতর্কতা? পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণে, পার্কিং বন্ধ...

লিওনেল মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন।

Published on: Dec 24, 2025, 22:07:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বড়দিনে আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট। বুধবার বিকেলের পর থেকেই পার্কস্ট্রিট-সহ ময়দান, ধর্মতলা চত্বরে ভিড় বাড়ছে মানুষের। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই কঠোর নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা পার্কস্ট্রিট। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন।

পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণে (REUTERS)
পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণে (REUTERS)

কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী-

১. ২৪ ডিসেম্বর বিকেল ৪টের পর থেকেই পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যা আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলবে।

২. শুধু পার্কস্ট্রিট নয়, ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

৩. একই নিষেধাজ্ঞা ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ফের কার্যকর করা হবে। পরে কতক্ষণ চলবে, তা নির্ধারণ করবেন ডিসি ট্রাফিক।

লালবাজার মনে করছে, শুধু পার্কস্ট্রিট এলাকাতেই নয়, সংলগ্ন রাস্তাগুলিতেও মানুষের ভিড় থাকে। সন্ধ্যার পর চার্চগুলিতে ভিড় বাড়তে থাকে।

একাধিক রাস্তায় দিক পরিবর্তন

কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী-

১. এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্র্যান্ড রোড ধরে পূর্বমুখী ও ধর্মতলা হয়ে দক্ষিণমুখী গাড়িগুলিকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

২. শেক্সপিয়র সরণিতে পূর্ব থেকে পশ্চিমে একমুখী যান চলবে। ক্সপিয়র সরণিতে পূর্ব থেকে পশ্চিমে একমুখী যান চলবে।

৩. হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট- সবকটিই থাকবে ওয়ান-ওয়ে।

৪. ক্যামাক স্ট্রিটেও উত্তর থেকে দক্ষিণে একমুখী যান চলবে।

৫. রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৬. পুলিশ প্রয়োজন হলে ক্যাথিড্রাল রোডেও যে কোনও মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে।

নো-পার্কিং জোন ঘোষণা

একাধিক রাস্তায় ‘নো পার্কিং’ জোন মসৃণ করা হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি তালিকাও দেওয়া হয়েছে পুলিশের তরফে। সেই মতো পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটল রাসেল, কিড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আরএকে রোড এবং উড স্ট্রিটের রাস্তা রয়েছে। এছাড়া ভিড়ের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়া, জাদুঘর, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডল-সহ বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ হতে পারে। অন্যদিকে, পার্কস্ট্রিট-সহ সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। ভিড় ও নিরাপত্তা সামলাতে ১৫০০-র বেশি পুলিশ মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসাররা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, কুইক রেসপন্স টিম থাকবে এলাকায়।

নজরদারির জন্য ড্রোন ও ওয়াচটাওয়ার বসানো হয়েছে। অ্যাম্বুল্যান্সও রাখা থাকবে প্রস্তুত। যেহেতু মানুষ হেঁটে হেঁটে পার্ক স্ট্রিট ঘোরেন, তাই একদিক থেকে প্রবেশ, অন্যদিক দিয়ে বেরোনোর নিয়ম করা হচ্ছে, এক জায়গায় অতিরিক্ত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। লিওনেল মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। পুলিশের দাবি, রাস্তার ওয়ান-ওয়ে ব্যবস্থা থাকায় স্টেডিয়াম-কাণ্ডের পুনরাবৃত্তি হবে না।