Nadia News: পরকীয়ার করুণ পরিণত শান্তিপুরে! চরমে পারিবারিক অশান্তি, এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির

Nadia News: বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ স্থানীয় এক ব্যক্তি মাঠের দিকে যাচ্ছিলেন। সেই সময় বাড়ির পাশের একটি আমবাগানে তিনি দু’জনকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান।

Published on: Sep 3, 2026, 17:42:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Nadia News: দেওরের সঙ্গে গভীর প্রেম (Extra Marital Affair) বৌদির। তবে সমাজ এবং পরিবারের সদস্যদের পক্ষে এই প্রেম মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে চরমে ওঠে অশান্তি। কিন্তু কোনও পরিস্থিতিতেই একে অপরের হাত ছাড়তে রাজি ছিলেন না প্রেমিক-প্রেমিকা কেউই। যার পরিণতি হল ভয়ংকর। বৃহস্পতিবার সকালে আমবাগানে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। এই জোড়া মৃত্যুর নেপথ্যে শুধুই প্রেম নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

পরকীয়ার করুণ পরিণত! এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
পরকীয়ার করুণ পরিণত! এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Santipur) থানার অন্তর্গত গোবিন্দপুর মাঠপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপক সর্দার (২০) এবং যুবতীর নাম সুমিতা সর্দার (১৯)। শান্তিপুরের বাবলা গ্রামের বাসিন্দা তারা। সুমিতা ছিলেন দীপকের মামাতো দাদার স্ত্রী। দুই পরিবারের মধ্যে স্বাভাবিকভাবেই যাতায়াত লেগেই থাকত। সেই সূত্রেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দীপক ও সুমিতা। প্রতিবেশীদের দাবি, স্বামী থাকা সত্ত্বেও দেওরের সঙ্গে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন বৌদি। বিষয়টা সকলে জেনে যেতেই দুই পরিবারের গন্ডগোল শুরু হয়। কিন্তু কোনও পরিস্থিতিতেই দীপক ও সুমিতা একে অপরকে ছাড়তে চাননি।

এরই মাঝে বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ স্থানীয় এক ব্যক্তি মাঠের দিকে যাচ্ছিলেন। সেই সময় বাড়ির পাশের একটি আমবাগানে তিনি দু’জনকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর পুলিশ স্টেশনে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া প্রেম নিয়ে মানসিক টানাপোড়েনের জেরেই যুগলের আত্মহত্যা, যদিও তদন্তের খাতিরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশীদের মধ্যে। কী কারণে এই ঘটনা ঘটল, মৃত্যুর আগে দু’জনের মধ্যে কী ঘটেছিল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, প্রেম কোনওদিন স্বীকৃতি পাবে না বুঝেই একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে যুগল।

প্রসঙ্গত, পরকীয়া সম্পর্ক বর্তমানে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও সেলিব্রেটিদের মধ্যে তো কখনও আবার সহকর্মী-বন্ধুদের মধ্যে এই সম্পর্ক তৈরি হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই রয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদের জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দকুলুট গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে, স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামী ও প্রেমিকার বিরুদ্ধে। এখন দেখার এই ঘটনা জল কোনদিকে গড়ায়।