নরেন্দ্রপুর থানায় নির্ঘুম রাত কাটল ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল বিধায়ক পরেশরামের

পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল।

Published on: Nov 10, 2026, 14:10:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ধর্ষণ-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দরে মুম্বইগামী বিমানে ওঠার আগেই তাঁকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল। প্রায় ১৭ দিন ধরে পুলিশের নাগালের বাইরে ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় গ্রেফতারির পর তাঁকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুর থানায়। সেখানকার লকআপেই কাটে তাঁর প্রথম রাত। পুলিশ সূত্রে খবর, সারারাত কার্যত ঘুমোননি বিধায়ক। রাতে খাবার দেওয়া হলেও মুখে তোলেননি। শুধু নিয়মিত ওষুধ খেয়েছেন। অন্য থানার লকআপে যাওয়ার জন্যও বারবার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি পুলিশ।

পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। (Police )
পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। (Police )

মঙ্গলবার সকালে পরেশরামকে আলিপুর আদালতে পেশ করার কথা। তার আগে তাঁর গ্রেফতারি এবং লকআপে রাত কাটানো নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়ার পর থেকেই সোনারপুর থানার লকআপে যাওয়ার জন্য বারবার আর্জি জানান তিনি। কিন্তু পুলিশ সেই দাবি মানেনি। শেষ পর্যন্ত লকআপের ভিতরেই রাত কাটাতে হয় তাঁকে। রাত আড়াইটে পর্যন্ত তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্যাগ খুলতেই মিলল একাধিক মোবাইল, নগদ টাকা

বিমানবন্দরে গ্রেফতারির সময় বিধায়কের সঙ্গে ছিল একাধিক ব্যাগ। সেগুলি পরীক্ষা করতেই তদন্তকারীদের হাতে আসে একাধিক মোবাইল ফোন এবং নগদ টাকা। প্রতিবেদন অনুযায়ী, তাঁর ব্যাগ থেকে মোট ১১টি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তার মধ্যে একাধিক আইফোন এবং নামী সংস্থার অ্যান্ড্রয়েড ফোন ছিল। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা। উদ্ধার হওয়া ফোনগুলিতে কী ধরনের তথ্য রয়েছে, কার কার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং নগদ টাকার উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কী কী অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে?

পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। সেই সূত্রেই ধর্ষণ ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।

এ ছাড়াও তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, গুলি চালানো এবং বোমাবাজির মতো ঘটনায় তাঁর নাম জড়িয়েছে বলে অভিযোগ। তবে এই অভিযোগগুলির কোনওটিই এখনও আদালতে প্রমাণিত হয়নি।

গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তের জন্য সিআইডি তাঁকে দু'বার তলব করেছিল। একবার জিজ্ঞাসাবাদেও হাজির হয়েছিলেন বিধায়ক। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ক্যানিংয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চার জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে পরেশরামের সন্ধান মেলেনি।

মুম্বই যাওয়ার আগেই গ্রেফতার

পুলিশের কাছে খবর ছিল, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন পরেশরাম। সেই অনুযায়ী দমদম বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং বিধাননগর পুলিশের যৌথ উদ্যোগে সোমবার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এ বার আদালতে পেশ করে পরেশরামকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। বিশেষ করে উদ্ধার হওয়া মোবাইল ফোনের তথ্য এবং আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নেপথ্যে আর কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More