Birbhum Tulu Mondal: দেশে ফিরতেই চাপ বাড়ছে টুলুর! দুই থানায় জোড়া তলব বীরভূমের 'পাথরসম্রাট'কে
Birbhum Tulu Mondal: সম্প্রতি সিউড়ি থানা এবং ভবানীভবনেও হাজিরা দিয়েছেন এই পাথর ব্যবসায়ী। তবে তদন্তে সহযোগিতা করলেও তাঁকে অকারণে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন টুলু মণ্ডল।
Birbhum Tulu Mondal: পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে সরব হওয়ার পরই ফের চাপে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুই থানায় হাজিরার নির্দেশ পেলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সোমবার মহম্মদবাজার থানায় তাঁকে তলব করা হয়েছে। আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। অন্যদিকে, মঙ্গলবার সিউড়ি থানায় হাজিরার নির্দেশ রয়েছে টুলু মণ্ডলের। সেখানে বেআইনি পাথর খাদান সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। পরপর এই দুই তলব ঘিরে তাঁর অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সম্প্রতি সিউড়ি থানা এবং ভবানীভবনেও হাজিরা দিয়েছেন এই পাথর ব্যবসায়ী। তবে তদন্তে সহযোগিতা করলেও তাঁকে অকারণে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন টুলু। কলকাতায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, কয়লা ও পাথরের ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করলেও হেনস্তার শিকার হতে হচ্ছে। কলকাতায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরির অভিযোগও সামনে এনেছেন ওই পাথর ব্যবসায়ী। টুলুর দাবি, তদন্তের স্বার্থে পুলিশের নোটিস পেয়ে তিনি শনিবার সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন। প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তরও দেন।
টুলুর অভিযোগ, শনিবার সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের পর রাত হয়ে যাওয়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। সেই বাড়ির বাইরে সারা রাত সিভিক ভলান্টিয়ার মোতায়েন ছিল। পরদিন গাড়িতে করে ফেরার সময় বোলপুরের প্রবেশপথ এবং ইলামবাজারের তেমাথায় তাঁর গাড়ি বারবার আটকানো হয়। তল্লাশিও চালানো হয়। তাঁর দাবি, সাধারণ নাকা তল্লাশির মতো বিষয়টি ছিল না। তাঁকে লক্ষ্য করেই এই পদক্ষেপ করা হয়েছিল। এমনকী, পুলিশের গাড়ি তাঁর পিছু নিয়েছিল বলেও অভিযোগ। গোটা ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন টুলু।
পাশাপাশি, তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরির অভিযোগও তুলেছেন তিনি। টুলুর দাবি, জিএসটি ও আয়কর মিলিয়ে বছরে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা কর দেন তিনি। অথচ তাঁর অফিস থেকে পেনড্রাইভ, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী পুলিশ নিয়ে গিয়েছে। তার ফলে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়। তাঁর গোডাউন থেকে প্রায় ২৫০টি নতুন টায়ার, ৩০০ টন রড এবং পুজো ও ঈদ উপলক্ষে বিতরণের জন্য রাখা চাল ও কাপড় চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন টুলু। তাঁর দাবি, পুলিশি হেফাজতের সময়েই এই ঘটনা ঘটেছে। গোডাউন থেকে রাত তিনটের সময় চাল বের করতে দেখেছিলেন তাঁর লোকজন। পরে খোঁজ নিয়ে বাকি সামগ্রীও উধাও হওয়ার বিষয়টি জানতে পারেন। অন্যদিকে পুলিশ সূত্রের দাবি, জেলা জুড়ে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবেই বোলপুর ও ইলামবাজারে গাড়ি পরীক্ষা করা হয়েছিল। অন্য গাড়ির মতো টুলুর গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তাঁকে ধাওয়া করার অভিযোগও অস্বীকার করেছে পুলিশ। টুলুর আইনজীবী সিকন্দর আনসারি জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানো হচ্ছে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পরপর দু’দিনের জিজ্ঞাসাবাদে কী উঠে আসে, সেদিকেই নজর।
E-Paper
