Municipal Elections: পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন! কী জানাল রাজ্য নির্বাচন কমিশন? পুরভোট নিয়ে জল্পনা

Municipal Elections: রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভোটার তালিকা প্রকাশের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে নতুন দিন জানানো হবে।

Published on: Nov 5, 2026, 21:00:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Municipal Elections: কলকাতা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল। আগামী ১২ নভেম্বর এই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রকাশের সংশোধিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন! কী জানাল রাজ্য নির্বাচন কমিশন?
পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন! কী জানাল রাজ্য নির্বাচন কমিশন?

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভোটার তালিকা প্রকাশের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে নতুন দিন জানানো হবে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে বিজ্ঞপ্তিকে কিছু বলা হয়নি। কমিশনের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকাটি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারের পাশাপাশি হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা আধিকারিক (SDO), কলকাতা পুরসভার কমিশনার এবং বিভিন্ন পুরসভার প্রশাসকদেরও।

ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা-সহ সাত পুরসভার ভোট হতে পারে। এদিন সংশ্লিষ্ট জেলাশাসকদের চিঠি পাঠিয়ে তা জানিয়েও দিয়েছে কমিশন। তবে কলকাতা পুরসভার ভোট ঘোষণায় আইনি বাধা রয়েছে। ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন। শুক্রবার ওই মামলার রায় ঘোষণা হবে। কমিশন মনে করছে, ওই রায়ের উপরই ভোটের ভবিষ্যৎ নির্ভর করবে। গত জুন মাসে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর পুরসভা ভেঙে দেওয়া হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এরই মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। আগে কলকাতা পুরসভায় আসন সংখ্যা ছিল ১৪৪। নতুন বিন্যাসে তা বেড়ে হয়েছে ২০৯। নাগরিক পরিষেবার মান উন্নত করতেই এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে বলে দাবি। নতুন ২০৯টি আসনের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল ১২ নভেম্বর। কিন্তু নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন প্রক্রিয়া আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন উচ্চ আদালতের নির্দেশ এবং রাজ্য নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে।