WB 7th Pay Commission: ৫০ লাখের ঋণ, ২ লাখের ল্যাপটপ! রাজ্যের সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা শুভেন্দু সরকারের

নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে চার বছরের নির্দিষ্ট সময়সীমায় একবার হোম টাউন অথবা অল ইন্ডিয়া এলটিসির পরিবর্তে বিদেশ ভ্রমণ করতে পারবেন আইএএস আধিকারিকরা। অর্থাৎ দেশের মধ্যে ঘোরার জন্য যে সুবিধা তাঁরা পেতেন, তার পরিবর্তে বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ থাকছে।

Published on: Nov 9, 2026, 08:54:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আইএএস আধিকারিকদের জন্য একগুচ্ছ আর্থিক ও প্রশাসনিক সুযোগ-সুবিধার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার। বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বাড়ি ভাড়া, আপ্যায়ন ভাতা, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ, এমনকী নতুন আধিকারিকদের ল্যাপটপ বা ডেস্কটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই নিয়মে রাজ্যের আইএএস আধিকারিকদের আর্থিক সুযোগ-সুবিধা অনেকটাই বাড়তে চলেছে।

বিদেশ ভ্রমণ, ৫০ লাখের ঋণ, ২ লাখের ল্যাপটপ! রাজ্যের সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা শুভেন্দু সরকারের (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বিদেশ ভ্রমণ, ৫০ লাখের ঋণ, ২ লাখের ল্যাপটপ! রাজ্যের সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা শুভেন্দু সরকারের (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে চার বছরের নির্দিষ্ট সময়সীমায় একবার হোম টাউন অথবা অল ইন্ডিয়া এলটিসির পরিবর্তে বিদেশ ভ্রমণ করতে পারবেন আইএএস আধিকারিকরা। অর্থাৎ দেশের মধ্যে ঘোরার জন্য যে সুবিধা তাঁরা পেতেন, তার পরিবর্তে বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ থাকছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই এবং মরিশাস-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। তবে এই সুবিধা চার বছরে একবারই পাওয়া যাবে।

শুধু বিদেশ ভ্রমণ নয়, বাড়ি ভাড়া বাবদও বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। সরকারি আবাসন পাননি এবং বাড়ি ভাড়া ভাতা নিচ্ছেন না, এমন আইএএস আধিকারিকরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই অঙ্ক ২০ শতাংশ করে বাড়বে। ফলে আগামী দিনে এই খাতে সরকারি খরচ আরও বাড়তে পারে।

আপ্যায়ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সচিব পদমর্যাদার নিচে থাকা আধিকারিকরা মাসে ১৫ হাজার টাকা পাবেন। অন্য দিকে, সচিব, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার জন্যও বিশেষ সুবিধা থাকছে। নতুন নিয়ম অনুযায়ী, আইএএস আধিকারিকরা স্নাতকোত্তর পড়াশোনা, বোর্ডিং স্কুল এবং বিদেশ যাতায়াতের খরচ মেটাতে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর ফলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন আধিকারিকরা।

নতুন আইএএস আধিকারিকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় তাঁদের প্রিন্টার-সহ সর্বোচ্চ ২ লক্ষ টাকা মূল্যের ল্যাপটপ অথবা ডেস্কটপ দেওয়া হবে। প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত এবং সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও বছরে ১০ হাজার টাকা নলেজ টুলস অ্যালাউন্স দেওয়া হবে। ক্যাম্প অফিসের কর্মী নিয়োগের খরচ এবং বিদ্যুতের বিল ফেরতের সুবিধাও থাকছে। সচিব এবং তার উপরের পদমর্যাদার আধিকারিকরা প্রতি মাসে সর্বোচ্চ ৫০০ ইউনিট বিদ্যুতের বিল ফেরত পাবেন।

সব মিলিয়ে আইএএস আধিকারিকদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করল রাজ্য সরকার। প্রশাসনিক আধিকারিকদের কাজের পরিবেশ উন্নত করা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে নির্দেশিকায় জানানো হয়েছে। তবে এই নতুন সুবিধাগুলির ফলে রাজ্যের কোষাগারের উপর কতটা অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More