WB 7th Pay Commission Update: 'ওরা মিথ্যাবাদী… আমরা রাজ্যে সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছি'
নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই আবহে খণ্ডঘোষে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের মুখে রাজ্যের সরকারি কর্মীদের নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এই আবহে মহার্ঘ ভাতা থেকে শুরু করে বেতন কমিশন ইস্যুতে একেক পক্ষ একেক দাবি করছে। একদিকে যেখানে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীরা বেশ কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মমতার সরকারের বিরুদ্ধে। আবার এই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই আবহে খণ্ডঘোষে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো আজ বললেন, 'এত মিথ্যাবাদী ওরা... ওরা বলছে ওদের সরকার এলে সপ্তম পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও। চেয়ারটার তো অমর্যাদা কোরো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট, যেখানে পেনশন দেওয়া হয়। অন্য কোনও রাজ্যে নেই।'
এদিকে কর্মসংস্থান ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মমতা। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, রাজ্যে কর্মসংস্থান হয়নি। এই নিয়ে মমতা আজ বলেন, 'ওরা বলছে, এখানে না কি চাকরি হয় না? তোমাদের ডিফেন্সে কটা লোক নিয়েছ? তোমার রেলে গ্যাংম্যান নেই। একটাও শূন্যপদ ভর্তি করোনি। বলেছিলে বছরে ২ কোটি লোকের চাকরি দেবে, একটাও দাও নি। আর বাংলায় ২ কোটি লোকের চাকরি আমরা দিয়েছি। আর ৪০ শতাংশ বেকারি কমেছে। এটাই সত্য। চ্যালেঞ্জ করে যাচ্ছি।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


