WB Budget 2026 Highlights: বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারে বেশি টাকা, সপ্তম পে কমিশন- জনমুখী বাজেট-পথেই মমতা
WB Budget 2026 Highlights: মাধ্যমিকে পাশে বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি, মহার্ঘ ভাতার বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন - বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) কী কী ঘোষণা করা হল?

WB Budget 2026 Highlights: ভোটের বছরে ‘পরীক্ষিত’ পথেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ঋণের বোঝা নিয়েও সংস্কারের উপরে বিশেষ জোর না দিয়ে জনমুখী প্রকল্পের দিকেই হাঁটলেন। বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্টে একের পর এক জনমুখী ঘোষণা করা হল। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের অনুদান। ঘোষণা করা হল বেকার ভাতার। বাড়ানো হল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। আশাকর্মী, পার্শ্ব-শিক্ষক, সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হল। ঘোষণা করা হল সপ্তম বেতন কমিশনের। তাছাড়া কী কী ঘোষণা করা হল রাজ্য বাজেটে, তা দেখে নিন।
...Read MoreWB Budget 2026 Speech LIVE: সামাজিক প্রকল্পে সেঞ্চুরি, দাবি মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: এতদিন রাজ্যে ৯৪টি সামাজিক প্রকল্প ছিল। আজ মনে হয় আরও পাঁচ-ছ’টি নতুন প্রকল্পের ঘোষণা হয়েছে। সুতরাং সেঞ্চুরি হয়ে গেল।
WB Budget 2026 Speech LIVE: এই বাজেট নিয়ে গর্ব করা উচিত, মত মমতার
বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে বাজেট পেশ করা হবে, তা নিয়ে বাংলার মানুষের গর্ব করা উচিত। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। বাম সরকারের ঋণ মেটাতে হয়েছে।
WB Budget 2026 Speech LIVE: বেকার বাজেট, মিথ্যের দলিল, তোপ শুভেন্দুর
অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট নিয়ে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, নির্বাচনী ইস্তাহার পেশ করা হল। এপ্রিল থেকে কোনও প্রতিশ্রুতি কার্যকর করা সম্ভব নয়। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। এটা বেকার বাজেট। চাকরির কোনও লক্ষ্যমাত্রা নেই। দিশাহীন ও মিথ্যে দলিল। যা এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে।
WB Budget 2026 Speech LIVE: সপ্তম বেতন কমিশনের ঘোষণা বাজেটে
রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হল। রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হল
WB Budget 2026 Speech LIVE: বারুইপুরে হবে কালচারাল সিটি
অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য: কালচারাল সিটি তৈরি করা হবে বারুইপুরে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য নতুন পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈৈরি করা হবে। ছ’টি শিল্প করিডোর তৈরি করা হবে রাজ্যে।
WB Budget 2026 Speech LIVE: বেকার ভাতা দেবে সরকার!
ভোটের আগে ‘বাংলার যুব সাথী’ নামে একটি নয়া প্রকল্পের ঘোষণা করা হল। সেই প্রকল্প চালু হবে আগামী ১৫ অগস্ট থেকে। সেই প্রকল্পের আওতায় মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের মাসিক ১,৫০০ টাকা দেওয়া হবে। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সেই সহায়তা মিলবে। তবে কয়েকটি শর্ত আছে। যাঁরা চাকরি পাননি, তাঁরাই সেই ভাতা পাবেন। কেউ যদি রাজ্য সরকারের থেকে স্কলারশিপ পান, তাঁরা সেই বেকার ভাতা পাবেন না।
WB Budget 2026 Speech LIVE: প্যারাটিচার ও সিভিকদের ভাতা বাড়ল
পার্শ্ব-শিক্ষক, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের ভাতা বাড়ল। মাসিক ভাতা বাড়ল ১,০০০ টাকা করে। তাছাড়াও একাধিক সুযোগ-সুবিধার ঘোষণা করা হয়েছে।
WB Budget 2026 Speech LIVE: আশাকর্মীদের ভাতা বাড়ল, মিলবে মাতৃত্বকালীন ছুটিও
দিনকয়েক আগেই আশাকর্মীদের আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। তাঁদের একাধিক দাবি মেনে নিল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন যে আশাকর্মীদের ভাতা বাড়ানো হচ্ছে। মাসিক ১,০০০ টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সেইসঙ্গে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। কর্মরত অবস্থায় কোনও আশাকর্মীর মৃত্যু হলে এককালীন পাঁচ লাখ টাকা মিলবে।
WB Budget 2026 Speech LIVE: বরাদ্দ বাড়ল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের
ভাতা বাড়ানো হল অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ছে। সেজন্য মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
WB Budget 2026 Speech LIVE: ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি পেল। চার শতাংশ ডিএ বাড়ানো হল। যা ২০২৬ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। ফলে তখন থেকে তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
WB Budget 2026 Speech LIVE: লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়ল বাজেটে, মাসে কত টাকা?
লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়াল রাজ্য সরকার। ৫০০ টাকা বাড়ল ভাতা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে ১,০০০ টাকা করে পেয়ে থাকেন। তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা পাবেন। আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত মহিলারা মাসে পাবেন ১,৭০০ টাকা। তাঁরা এতদিন মাসিক ভাতা বাবদ ১,২০০ টাকা পেতেন। বাড়তি ভাতা কার্যকর হবে ১ ফেব্রুয়ার থেকে।
WB Budget 2026 Speech LIVE: বাজেটের আগে বাংলার উন্নয়নের খতিয়ান পেশ মমতার
রাজ্য বাজেট পেশ হওয়ার আগে বিধানসভায় উন্নয়নের খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বাংলায় যে উন্নয়ন হয়েছে, তাতে তিনি গর্ববোধ করছেন। ১৫ বছর ধরে অপেক্ষা করার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হয়নি। ১,৫০০ কোটি টাকায় কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ২.২ লাখ কিমি রাস্তা তৈরি করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
WB Budget 2026 Speech LIVE: ভোটে বিজেপি অনেক আসন হারাবে, শুভেন্দুকে নিশানা মমতার
বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, দিল্লি সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আবার বাংলা দখল করবে। বিজেপি জিরো ছিল, জিরো আছে এবং জিরো থাকবেন। বিধানসভা নির্বাচনে বিজেপি অনেক আসন হারাবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
WB Budget 2026 Speech LIVE: সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার রায় নিয়ে কী বললেন রাজ্য সরকারি কর্মীরা?
বকেয়া ডিএ মামলার রায় নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, 'সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত। তবে বকেয়া ১০০ শতাংশের ক্ষেত্রে একই রায় হলে আরো ভালো হতো। পুনরায় চার সদস্যের কমিটি গঠনের কেন প্রয়োজন পড়লো বুঝলাম না। পাশাপাশি হাইকোর্টের রায়ে বলা হয়েছিল ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট অবস্থান এখনো জানতে পারিনি। আশা করবো এই রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার দ্রুত বকেয়া মিটিয়ে দেবে। রোপা ১৯-এর ক্ষেত্রে ডিএয়ের উল্লেখ রাখা হয়নি। এ ব্যাপারেও রাজ্য সরকার অবস্থান পরিবর্তন করে এআইসিপিআই অনুযায়ী নিয়মিত মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করুক।'
WB Budget 2026 Speech LIVE: বাজেটের আগেই ডিএ মামলায় ধাক্কা রাজ্যের
রাজ্য বাজেট পেশ হওয়ার আগেই সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে যে আগামী মার্চের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
WB Budget 2026 Speech LIVE: মহিলাদের মন পেতে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়বে?
লক্ষ্মীবারে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়বে? সেই সম্ভাবনাই প্রবল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল। জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা পান। তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা দেওয়া হয়। যেভাবে মহিলা ভোটাররা ভোটব্যাঙ্কে তৃণমূলকে সমর্থন উজাড় করে দিয়েছেন, তাতে এবারও লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
WB Budget 2026 Speech LIVE: সংস্কারের পথে হাঁটবে মমতা সরকার?
অর্থনীতিবিদদের একাংশের মতে, রাজ্যের যা আর্থিক অবস্থা, তাতে সংস্কারের পথে হাঁটতেই হবে রাজ্য সরকারকে। সেই সংক্রান্ত দিশা পেশ করতে না পারলে আগামিদিনে আরও আর্থিক সংকটে পড়তে হবে রাজ্যকে। ইতিমধ্যে খরচে রাশ টানার জন্য একাধিক প্রকল্পে বরাদ্দও কমানো হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আর্থিক হাল ফেরাতে কি সংস্কারের পথে হাঁটার সাহস দেখাবে মমতা সরকার?
WB Budget 2026 Speech LIVE: চড়া ঋণের 'পিচে' কি 'ব্যাজবল'-ই খেলবেন মমতা? একটু পরেই বাজেট পেশ
কঠিন পিচে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘ব্যাজবল’ খেলবে নাকি রাহুল দ্রাবিড়ের মতো ডিফেন্সিভ খেলবে? সেই উত্তর মিলবে আজ। বিধানসভা নির্বাচনের আগে আজ শেষ বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করবে তৃতীয় মমতা সরকার। সেই পরিস্থিতিতে মমতা সরকার নিজেদের ‘প্লাস পয়েন্ট’ হিসেবে বিভিন্ন সামাজিক প্রকল্পে দু'হাত উপুড় করে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের ভাতা ও বরাদ্দ। কিন্তু কাঁধে চড়া ঋণের বোঝা নিয়ে কীভাবে খরচ সামাল দেবে রাজ্য, সেদিকেও নজর আছে সংশ্লিষ্ট মহলের।
E-Paper

