Mamata lodges case against ED: 'চুরি....', আইপ্যাক কাণ্ডে ED ও CRPF জওয়ানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মমতার

আইপ্যাক-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ের বাইরে ধরনায় বসেছেন তাঁরা

Published on: Jan 9, 2026, 09:13:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইপ্যাক-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শেক্সপিয়র সরণি থানায় কেন্দ্রীয় সংস্থা এবং সিআরপিএফের অজ্ঞাতপরিচয় জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যে থানার কাছেই লাউডন স্ট্রিটে বৃহস্পতিবার কয়লা পাচার সংক্রান্ত মামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরাদর্শদাতা সংস্থা এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশি অভিযানের সময় বৃহস্পতিবার প্রতীকের বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে তৃণমূলের গোপন নথি, প্রার্থীতালিকা, ছক নিয়ে নিচ্ছে ইডি। আর তারপর থানায় অভিযোগও দায়ের করলেন।

সল্টলেকে আইপ্যাক অফিসের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
সল্টলেকে আইপ্যাক অফিসের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

নজিরবিহীন ঘটনা, অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী থানায় যে অভিযোগ করেছেন, তাতে নথি চুরির দাবি তুলেছেন। সেইসঙ্গে সরকারি অফিসারদের কাজে বাধাদানের অভিযোগও করেছেন বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আর মুুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নিয়ে ইডির তরফে নতুন করে কোনও মন্তব্য করা না হলেও বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে তল্লাশির মধ্যেই কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছিল যে সাংবিধানিক পদ এবং ক্ষমতার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকরা। যদিও মুখ্যমন্ত্রী যখন নথি ‘ছিনিয়ে’ নিয়ে যাচ্ছিলেন, তখন কেন আটকানো হয়নি, সেই সদুত্তর দিতে পারেনি ইডি।

‘অমিত শাহ + ইডি বনাম বাংলার মানুষ’, তোপ তৃণমূলের

তারইমধ্যে মুখ্যমন্ত্রী অবশ্য ইডির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। আজ দুপুরে ইডি অভিযানের প্রতিবাদে মিছিল করবেন। তার আগে সকাল-সকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ের বাইরে ধরনায় বসেছেন ডেরেক ও'ব্রায়ান, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং শর্মিলা সরকার। তাঁদের হাতে যে পোস্টার রয়েছে, তাতে লেখা আছে, ‘অমিত শাহ + ইডি বনাম বাংলার মানুষ’।

মুখ্যমন্ত্রী কোথায় নেমে গিয়েছেন….কটাক্ষ শমীকের

যদিও তৃণমূলের সেইসব কর্মসূচিতে পাত্তা দেননি বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মিছিলের প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন, সেটা দেখল পুরো দেশ। সংবিধানের শপথ নেওয়া কোনও মুখ্যমন্ত্রীর থেকে কোনও সমাজ, কোনও সংবিধান, কোনও দেশ এরকম আচরণ প্রত্যাশা করে না বলে দাবি করেন শমীক। সেইসঙ্গে তিনি দাবি করেন, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে তৃণমূল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More