WB Election 2026 Phase 1 Voting Highlights: পরিবর্তনের ভোট নাকি SIR আতঙ্কের? ৯০ শতাংশের বেশি ভোটদানে '১২৫'-এ মজে TMC-BJP
WB Election 2026 Phase 1 Voting Highlights: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হল। ভোটদানের হার পেরিয়ে গিয়েছে ৯০ শতাংশ।

WB Election 2026 Phase 1 Voting Highlights: পরিবর্তনের ভোট নাকি এসআইআর-পরবর্তী ভীতির ভোট? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৯০ শতাংশের বেশি ভোট পড়ায়ায় আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফে বিভিন্ন বার্তা দেওয়া হলেও আসল উত্তর মিলবে আগামী ৪ মে। যেদিন পশ্চিমবঙ্গে ভোটগণনা হবে। তার আগে অবশ্য ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসন ভোট হতে চলেছে বাংলায়।
...Read Moreপ্রথম দফার ভোটের ইতিমধ্যে - একনজরে
১) ১৫২টি আসনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
২) এবার জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মোটের উপরে শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট। নওদায় তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবীরের দলের সংঘর্ষ, লাভপুরে বিজেপির এজেন্টের মাথা ফাটানো, আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙা, খয়রাশোলে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণের মতো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিতেই কেটেছে ভোট।
৩) তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, কমপক্ষে ১২৫টি আসন মিলবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রথম দফায় ১২৫টি আসন পাবে পদ্মশিবির।
WB Election 2026 Phase 1 Voting Live: মানুষকে ভয় দেখিয়েও লাভ হচ্ছে না, হুংকার দিলীপের
প্রথম দফার ভোটগ্রহণের আবহেই সংবাদসংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, 'এবার পশ্চিমবঙ্গে যে ভোট হচ্ছে, সেটা একেবারেই আলাদা। বড়সড় চ্যালেঞ্জ নিয়ে দু'দফায় ভোট করছে নির্বাচন কমিশন। যেখানে আট দফায় ভোট হত। বাংলার মানুষ চান যে শান্তিপূর্ণ নির্বাচন হোক, পরিবর্তন হোক, উন্নয়নের সরকার হোক - সবকিছু হবে। গুন্ডা ও পুলিশ মিলিয়ে ভয় দেখানো হত। শেষ সময় পর্যন্ত মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষ ভয় পাচ্ছেন না।'
WB Election 2026 Phase 1 Voting Live: ভোটের আগেই রক্ত ঝরল বাংলায়, হল সংঘর্ষ, ‘আক্রান্ত’ এজেন্ট
ভোটের আগের রাতে উত্তেজনা ছড়িয়েছে ডোমকলে। কুপিলা সর্দারপাড়ায় তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তার জেরে আহত হয়েছেন কমপক্ষে তিনজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগ করেছে তৃণমূল ও সিপিআইএম। আবার মাদারিহাটে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
WB Election 2026 Phase 1 Voting Live: ভোট দিলেন হুমায়ুন, বললেন 'বেজে উঠেছে পরিবর্তনের বাঁশি’
বেজে উঠেছে পরিবর্তনের বাঁশি! গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আজ সকাল-সকাল আমি আমার নিজের বুথে ভোট দিলাম। এখন আপনার পালা! আপনার ভোট কেবল একটি চিহ্ন নয়, এটি আপনার অধিকার। তাই নির্ভয়ে বুথে যান এবং ‘বাঁশি’ (Banshi) চিহ্নে ভোট দিয়ে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার লড়াইয়ে শামিল হোন। লড়বে জনতা, জিতবে উন্নয়ন!
WB Election 2026 Phase 1 Voting Live: 'আমায় টার্গেট করে বোমা ছুড়েছে হুমায়ুনের দল', দাবি নওদার তৃণমূল প্রার্থীর
মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শিবনগর প্রাথমিক স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়েছে। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সাহিনা মমতাজ খানের অভিযোগ, তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছিল। ঘটনায় হাত আছে হুমায়ুন কবীরের দলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে হুমায়ুনের দল।
WB Election 2026 Phase 1 Voting Live: গ্রেফতার হুমায়ুন কবীরের ভাইপো, ধর্ষণ মামলায় ভোটের আগে ধরা হল
ভোটের আগে রাতে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের ভাইপোকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে হুমায়ুনের ভাইপোকে। রেজিনগর থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছিল। তারইমধ্যে সকাল-সকাল সোমপাড়া ১ নম্বর পঞ্চায়েতে ভোট দিতে বেরিয়ে পড়েছেন হুমায়ুন।
WB Election 2026 Phase 1 Voting Live: সকাল-সকাল ভোটারদের লম্বা লাইন, শান্তিপূর্ণ ভোট হবে?
ভোটদান পর্বের শুরুতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। বীরভূম, শিলিগুড়ি, আসানসোল-সহ বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তায় ভোটদান হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে প্রবল গরমের সতর্কতা জারি করা হয়েছে, তার জেরে সকাল-সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন মানুষ। নজিরবিহীন নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট হবে বাংলায়?
WB Election 2026 Phase 1 Voting Live: ভোট নিয়ে বাংলাকে বার্তা মোদীর, মহিলাদের ভোট দেওয়ার আহ্বান
পশ্চিমবঙ্গে ভোটদান শুরুর আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’
WB Election 2026 Phase 1 Voting Live: এখনও তৃণমূল সেরকম উৎপাত করতে পারেনি, দাবি শুভেন্দুর
নন্দীগ্রামে ভোট দিতে যাওয়ার আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ‘বার্তা একটাই - পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টির হাতে ক্ষমতায় দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। এবার খুব একটা উৎপাত করতে পারেনি (তৃণমূল কংগ্রেস)। খুব একটা উৎপাত করতে পারবেও না।’ সেইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করছে।
WB Election 2026 Phase 1 Voting Live: ভোট শুরু হতেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোট শুরু হতে না হতেই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে, সোনামুখি বিধানসভার ১৩১ নম্বর বুথে বাধা তৈরি করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
WB Election 2026 Phase 1 Voting Live: বাড়ি থেকে বেরোলেন শুভেন্দু, যাচ্ছেন নন্দীগ্রামে
সকাল সাতটা থেকে ভোটদান শুরুর আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার হাইপ্রোফাইল লড়াইয়ের পরে এবার নন্দীগ্রামে যেন কিছুটা 'হালকা' লড়াই হচ্ছে। শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন পবিত্র কর। সেই কেন্দ্রেই যাচ্ছেন শুভেন্দু। সেখানে ভোট দেবেন।
WB Election 2026 Phase 1 Voting Live: বাংলা কার? প্রথম দফায় ১৫২ আসনে শুরু ভোটগ্রহণ, রেকর্ড কেন্দ্রীয় বাহিনী আছে
পশ্চিমবঙ্গে মহারণের সূচনা হয়ে গেল। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে শুরু হল ভোটগ্রহণ। সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট চলবে। প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুরো উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা), মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ভোট চলবে। ভোটগ্রহণ পর্বের যাবতীয় ব্রেকিং নিউজ এবং টাটকা খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
WB Election 2026 Phase 1 Voting Live: ১৫ মিনিটের মধ্যে ইভিএম পালটানো হবে, জানালেন প্রিসাইডিং অফিসার
মক পোলিংয়ের পরে সংবাদসংস্থা এএনআইকে বীরভূমের একটি বুথের প্রিসাইডিং অফিসার স্বাতী সরকার জানিয়েছেন, ইভিএম ঠিকঠাক কাজ করছে। যদি কোনও সমস্যা হয়, তাহলে সেক্টর অফিসারকে জানানো হবে। ১৫ মিনিটের মধ্যে ইভিএম পালটে দেওয়া হবে।
WB Election 2026 Phase 1 Voting Live: ভোটের দিন দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, অ্যালার্ট জারি আরও ৩টিতে
উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকলেও দক্ষিণবঙ্গের যে আটটি জেলায় আজ ভোট হচ্ছে, সেখানে মারাত্মক গরম থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মুখে পড়তে হবে। তার জেরে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
WB Election 2026 Phase 1 Voting Live: আজ তামিলনাড়ুতেও ভোটগ্রহণ
আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তামিলনাড়ুর ২৩৪টি আসনে একদিনেই ভোট হয়ে যাবে। রাজ্যের ৭৫,৫০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মূল লড়াই হচ্ছে শাসক দলের নেতৃত্বাধীন জোট এবং এআইএডিএমকে-বিজেপি জোটের মধ্যে। তাছাড়াও অভিনেতা বিজয়ের দল এককভাবে লড়াই করছে।
WB Election 2026 Phase 1 Voting Live: ভোট দেওয়ার জন্য কী কী নথি লাগবে?
ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড, মনরেগা জব কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি সম্বলিত পাসবই, শ্রম মন্ত্রক প্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্পের স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে প্রদত্ত স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, সচিত্র পেনশনের নথি, কর্মচারীদের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র (কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা প্রদত্ত), সরকারি পরিচয়পত্র (এম.পি./এম.এল.এ./এম.এল.সি. দ্বারা জারি করা) এবং বিশেষভাবে সক্ষমতার আইডি কার্ড (UDID) (ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক প্রদত্ত)। (বিস্তারিত পড়ুন এখানে)
WB Election 2026 Phase 1 Voting Live: উত্তরবঙ্গের কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী?
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলায় ৭১ কোম্পানি এবং ইসলামপুরে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আসানসোল-দুর্গাপুরে থাকছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিঙে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কালিম্পঙে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
WB Election 2026 Phase 1 Voting Live: কোন জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী?
প্রথম দফায় মোট ২,৪৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবথেকে বেশি ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ। যে জেলাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায়। জঙ্গিপুর পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে ৭৬ কোম্পানি বাহিনী। নন্দীগ্রাম যে জেলায় আছে, সেই পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
WB Election 2026 Phase 1 Voting Live: মক পোলিংয়ের প্রস্তুতি বিভিন্ন কেন্দ্রে
ভোটগ্রহণ-পর্ব শুরু হওয়ার আগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা আসনে মক পোলিংয়ের প্রস্তুতি চলছে। সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হবে।
WB Election 2026 Phase 1 Voting Live: বাংলার নির্বাচনে SIR যাবতীয় ফারাক গড়ে দেবে?
১৫ বছরের প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া, চাকরি, নিয়োগ দুর্নীতি, মহিলাদের সুরক্ষার মতো যাবতীয় বিষয় ছাপিয়ে এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এসআইআর (ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা)। যে প্রক্রিয়ার জেরে বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ নাম বাদ দিয়েছে। সেটাই কি ফারাক গড়ে দেবে? বিস্তারিত পড়ুন এখানে
WB Election 2026 Phase 1 Voting Live: প্রথম মোট কতজন ভোটার?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ (ট্রাইবুনালে ছাড় পেয়েছেন যাঁরা, তাঁদের ধরা হয়নি)। গতবার মোট ভোটারের সংখ্যা সামান্য বেশি - ৩ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ২৮৮ জন। ট্রাইবুনালে ১৩৯ জনের নামে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আটজনকে।
WB Election 2026 Phase 1 Voting LIVE: আজ পশ্চিমবঙ্গে মহারণের সূচনা
আজ মহারণের সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হতে চলেছে। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুরো উত্তরবঙ্গ (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা), মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ভোট হবে। ভোটগ্রহণ পর্বের যাবতীয় আপডেট ও টাটকা খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
E-Paper

