WB Heavy Rain & Kolkata Weather: নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, তিন জেলায় লাল সতর্কতা, দুর্যোগ কলকাতাতেও
অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় জারি হয়েছে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা। এই তিন জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ। মরশুমে এই প্রথম ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসির জল—দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী ও নিচু এলাকায় জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করছেন অনেকে।
উপকূলীয় এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে তাই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কলকাতায় সোমবার দিনভর মেঘলা আকাশ থাকবে। সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দিনভর কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


