WB Low Pressure Heavy Rain Forecast: নিম্নচাপ-মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ফের ভারী বৃষ্টি, মঙ্গলবারও সতর্কতা বাংলায়

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, পাতিয়ালা, লখনউ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

Published on: Aug 24, 2026, 11:06:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। সোমবার দিনভর আকাশের মুখ ভার থাকার পাশাপাশি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পর্ব চলতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান।

নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। (PTI)
নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। (PTI)

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, পাতিয়ালা, লখনউ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই দুই আবহাওয়া-ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই রাজ্যে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু সোমবার নয়, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। ফলে বাইরে বেরনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়তে পারে। এর ফলে নিচু এলাকা ও জলমগ্ন অঞ্চলে সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও থাকছে।

তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি স্বস্তি মিলবে না। আকাশ মেঘলা থাকা বা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির ফাঁকে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অর্থাৎ বৃষ্টি নামলেও গরম ও ঘাম থেকে আপাতত পুরোপুরি মুক্তি নেই বঙ্গবাসীর।

সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই ফের এক দফা বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া—আবহাওয়ার এই পরিবর্তনের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছে আবহাওয়া দপ্তর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More