Humayun Kabir to Yogi on Babri Mosque: 'এটা উত্তরপ্রদেশ না, বাংলা; মমতা শাসিত রাজ্য', বাবরি মসজিদ নিয়ে চ্যালেঞ্জ যোগীকে
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির সম্প্রতি যোগী আদিন্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন। ১০ ফেব্রুয়ারি হুমায়ুন কবির ফের জোর গলায় বলেন যে তিনি অবশ্যই বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে একটি মসজিদ নির্মাণ করবেন এবং কেউ তাঁকে থামাতে পারবে না।
নির্বাচনকে সামনে রেখে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি তীব্র হয়েছে পশ্চিমবঙ্গে। এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কার্যত টেনে আনা হয়েছে এই রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির সম্প্রতি যোগী আদিন্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন। ১০ ফেব্রুয়ারি হুমায়ুন কবির ফের জোর গলায় বলেন যে তিনি অবশ্যই বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে একটি মসজিদ নির্মাণ করবেন এবং কেউ তাঁকে থামাতে পারবে না।
এই সময় তিনি যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পারলে তাঁকে থামিয়ে দেখাক যোগী। হুমায়ুন কবির কী বলেছেন? সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, 'এটা লখনউ বা উত্তরপ্রদেশ নয়, অযোধ্যাও নয়, এটা বাংলা। এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত। ভারতীয় সংবিধান অনুযায়ী মুসলিমদেরও মসজিদ নির্মাণের অধিকার রয়েছে... যেমন অন্যরা মন্দির বা গির্জা নির্মাণ করে।'
এই সময় হুমায়ুন কবির বলেন, ২০২৫ সালের ৬ ডিসেম্বর, বাবরি কাঠামো ধ্বংসের বার্ষিকীতে তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এখন ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। এই আবহে হুমায়ুন কবির বলেন, ১১ ফেব্রুয়ারি সকাল ১০টার থেকে প্রায় ১২০০ জন লোক কোরান পাঠ করে কাজ শুরু করবেন। যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ করে হুমায়ুন বলেন, 'আপনি যদি আমাকে থামাতে চান, তবে এটি বন্ধ করুন। আমি কাউকে ভয় পাই না এবং কোনও চাপে মাথা নত করব না। আমরা মসজিদ নির্মাণ করব। পারলে বন্ধ করে দেখান।'
কী বলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ ফেব্রুয়ারি বলেছেন, 'কেয়ামতের দিন' কখনও আসবে না, তাই বাবরি মসজিদ কাঠামো কখনও পুনর্নির্মাণ করা হবে না। বারাবাঁকিতে এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, 'আমরা বলেছিলাম যে রামলালা আসবেন, আমরা সেখানে মন্দির তৈরি করব। মন্দির নির্মাণ করা হয়েছে। এই নিয়ে কোনও সন্দেহ আছে কি? তিনি বলেন, 'কেয়ামতের দিন' কখনও আসবে না এবং তাই বাবরি কাঠামোর পুননির্মাণ হবে না। যারা কেয়ামতের আগমনের স্বপ্ন দেখছে তারা এভাবেই পচে যাবে। সেই সময় কখনোই আসবে না।'
মুখ্যমন্ত্রী যোগী আরও বলেন, 'অযোধ্যায় ৫০০ বছর পর সেই গৌরবময় মুহূর্ত (রাম মন্দির নির্মাণ) আমাদের সামনে এসেছে। এই ৫০০ বছরে অনেক রাজা এবং সরকার এসেছিল। ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়েছিল এবং ১৯৫২ সালে প্রথম নির্বাচনের পর সরকার গঠিত হয়েছিল। কিন্তু অযোধ্যায় তাঁর জন্মস্থানে ভগবান রামের মন্দির নির্মাণের ভাবনা কেন তাঁদের মনে আসেনি?' বিরোধী দলগুলিকে আক্রমণ করে যোগী বলেন, কিছু মানুষ আছেন যারা সুবিধাবাদী। যখন কোনও সঙ্কট আসে, তখন তাঁরা রামকে স্মরণ করেন এবং বাকি সময় তাঁরা রামকে ভুলে যান। তখন ভগবান রামও তাঁদের ভুলে যান। এখন তাদের নৌকা আর পার হবে না।'
News/Bengal/Humayun Kabir To Yogi On Babri Mosque: 'এটা উত্তরপ্রদেশ না, বাংলা; মমতা শাসিত রাজ্য', বাবরি মসজিদ নিয়ে চ্যালেঞ্জ যোগীকে