WB Nipah Virus Guidelines: কাদের হাসপাতালে ভরতি করতে হবে? কতবার পরীক্ষা? নিপা রোধে একগুচ্ছ নিয়ম রাজ্যের
পশ্চিমবঙ্গে নিপার সংক্রমণ রোধে নির্দেশিকা জারি করা হল। তাতে জানানো হয়েছে যে কাদের হাসপাতলে ভরতি করতে হবে। পরীক্ষা করতে হবে কতবার। তারইমধ্যে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিপায় আক্রান্ত একজনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
পশ্চিমবঙ্গে নিপার সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। কেউ যদি নিপা আক্রান্তের সংস্পর্শে আসেন, তাঁদের কী করতে হবে; কতদিন অন্তর পরীক্ষা করতে হবে; কাদের হাসপাতালে ভরতি হতে হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। তারইমধ্যে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিপা ভাইরাসে যে দু'জন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু মহিলা নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেছেন, 'পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু মহিলা রোগীর শারীরিক অবস্থা খুব সংকটজনক। দু'জনেরই চিকিৎসা চলছে আইসিসিইউয়ে।'

এখনও পর্যন্ত বঙ্গে কতজন নিপায় আক্রান্ত হয়েছেন?
তবে তাঁদের সংস্পর্শে আসা কারও শরীরেই আপাতত নিপার হদিশ মেলেনি বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী-সহ যাঁরা যাঁরা ওই দু'জন নার্সের সংস্পর্শে এসেছিলেন, আপাতত তাঁদের কারও নিপা রিপোর্ট পজিটিভ আসেনি। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে নিপা আক্রান্তের সংখ্যা হল দুই। পুরো পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে রাজ্য সরকার। যাঁরা দুই নিপা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর এই মুহূর্তে তাঁদের রাখা হয়েছে আইসোলেশনে।
নিপা সংক্রান্ত কী কী নির্দেশিকা জারি করা হয়েছে?
১) স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, নিপায় আক্রান্ত বা সন্দেহভাজনের (নমুনা পরীক্ষায় নিপা রিপোর্ট পজিটিভ আসার আগেই মৃত্যু) লালারস, রক্ত, প্রস্রাব বা হাঁচি-কাশির ড্রপলেটের সংস্পর্শে কেউ এলে তাঁকে ‘হাই-রিস্ক’ ক্যাটেগরিতে বিবেচনা করা হবে। যাঁদের কোনও উপসর্গ নেই, তাঁদের বাড়িতেই ২১ দিন কোয়ারন্টিনে রাখতে হবে। কিন্তু যাঁদের ক্ষেত্রে উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের অবিলম্বে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করতে হবে।
২) কোন কোন ক্ষেত্রে নিপা আক্রান্ত বা সন্দেহভাজন নিপা আক্রান্তর সংস্পর্শে এলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে 'লো-রিস্ক' ক্যাটেগরিতে রাখা হবে, তাও স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, যদি নিপা আক্রান্ত বা সন্দেহভাজন নিপা আক্রান্তের সঙ্গে অল্পবিস্তর শারীরিক সংযোগ হয়, লালারস, রক্ত, প্রস্রাব বা হাঁচি-কাশির ড্রপলেটের সংস্পর্শে না আসেন এবং জামা বা পোশাক না ছুঁয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে কম ঝুঁকি আছে বলে বিবেতনা করা হবে।
তবে নিপার উপসর্গ দেখা হলে তাঁদেরও হাসপাতালে ভরতি করতে হবে। আর পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে।
৩) কেউ নিপায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হলে তাঁর দ্রুত আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। একদিনের মধ্যে কমপক্ষে দু'বার নেগেটিভ আসতে হবে রিপোর্ট। সন্দেহভাজনদের নিপা রিপোর্ট পজিটিভ এলে তাঁদের পাঁচদিন ছাড়া-ছাড়া নমুনা পরীক্ষা করা হবে। পরবর্তীতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিতে ৯০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


