WB Petrol-Diesel Price Update: বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পেট্রোল-ডিজেলের নতুন দর জানুন

পশ্চিমবঙ্গে ৯ জুলাই পেট্রোল ও ডিজেলের দামেও কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। রাজ্যের বিভিন্ন জেলায় দামে সামান্য ফারাক থাকলেও এদিন কোথাও নতুন করে মূল্যবৃদ্ধি হয়নি।

Published on: Jul 9, 2026, 09:10:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্তর্জাতিক বাজারে অশান্তির প্রভাব পড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দামে। ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হওয়ায় পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালিতে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপিছু ৮০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেও ভারতের সাধারণ মানুষের জন্য আপাতত স্বস্তির খবর, কারণ ৯ জুলাই দেশজুড়ে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং সিএনজির দামে কোনও পরিবর্তন হয়নি।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপিছু ৮০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। (PTI)
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপিছু ৮০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। (PTI)

রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকাতেই স্থির রয়েছে। একইভাবে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,৯৩০ টাকা রয়েছে। দিল্লিতে সিএনজির দামও অপরিবর্তিত থেকে প্রতি কিলোগ্রাম ৮৩.০৯ টাকা রয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতি অবশ্য উদ্বেগ বাড়াচ্ছে। ইরান ও আমেরিকার সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এই জলপথ দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং এলপিজি বিভিন্ন দেশে পৌঁছায়। হামলার পরও ভারত-সহ বিভিন্ন দেশের কয়েকটি জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলেও অন্তত একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কার নিরাপত্তার কারণে মাঝপথ থেকেই রুট পরিবর্তন করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে ভারতে আসা তেলবাহী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ভারত এখনও পশ্চিম এশিয়ার বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে স্বাভাবিক হারে অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি আমদানি শুরু করতে পারেনি। ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতের অন্তত নয়টি তেল ও এলপিজি বোঝাই জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের কথা ভাবছে। ইরানের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিদেশ মন্ত্রক ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও সক্রিয় হয়েছে। বর্তমানে এই নয়টি জাহাজে প্রায় ১৯৮ জন ভারতীয় নাবিক রয়েছেন বলে জানা গিয়েছে।

যুদ্ধ শুরুর আগে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ, এলএনজির প্রায় ৬০ শতাংশ এবং এলপিজির প্রায় ৯০ শতাংশই হরমুজ প্রণালির মাধ্যমে দেশে আসত। ফলে এই জলপথে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হলে ভবিষ্যতে জ্বালানির দামেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এদিকে পশ্চিমবঙ্গে ৯ জুলাই পেট্রোল ও ডিজেলের দামেও কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। রাজ্যের বিভিন্ন জেলায় দামে সামান্য ফারাক থাকলেও এদিন কোথাও নতুন করে মূল্যবৃদ্ধি হয়নি।

পেট্রোলের দামের নিরিখে সবচেয়ে বেশি দাম রয়েছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৪.৭৯ টাকা। এরপর রয়েছে ঝাড়গ্রামে ১১৪.৫২ টাকা, নদিয়ায় ১১৪.৪৬ টাকা, আলিপুরদুয়ারে ১১৪.২৮ টাকা এবং বীরভূমে ১১৪.২১ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দাম রয়েছে দার্জিলিংয়ে ১১৩.১৮ টাকা। এছাড়া জলপাইগুড়িতে ১১৩.৪৬ টাকা, উত্তর ২৪ পরগনায় ১১৩.৪৭ টাকা, হাওড়ায় ১১৩.৬৩ টাকা, উত্তর দিনাজপুরে ১১৩.৫৯ টাকা, দক্ষিণ ২৪ পরগনায় ১১৩.৭৬ টাকা, মালদায় ১১৩.৮১ টাকা, পূর্ব বর্ধমানে ১১৩.৮৫ টাকা, দক্ষিণ দিনাজপুরে ১১৩.৯৩ টাকা, বাঁকুড়ায় ১১৩.৯১ টাকা, হুগলিতে ১১৪ টাকা এবং পুরুলিয়াতেও ১১৪ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল।

ডিজেলের ক্ষেত্রেও জেলার ভিত্তিতে কিছুটা পার্থক্য রয়েছে। সবচেয়ে বেশি দাম আলিপুরদুয়ারে, যেখানে প্রতি লিটার ডিজেলের দাম ১০১.১৩ টাকা। এরপর রয়েছে নদিয়ায় ১০১.০৭ টাকা, পুরুলিয়ায় ১০১.০১ টাকা, ঝাড়গ্রামে ১০০.৭৫ টাকা, বীরভূমে ১০০.৬৬ টাকা এবং বাঁকুড়ায় ১০০.৬৫ টাকা। কলকাতা ও হাওড়ায় ডিজেলের দাম একই, প্রতি লিটার ৯৯.৮২ টাকা। সবচেয়ে কম দাম মালদায় ৯৯.৬৭ টাকা। এছাড়া জলপাইগুড়িতে ৯৯.৬৮ টাকা, কালিম্পংয়ে ৯৯.৭৭ টাকা, পশ্চিম বর্ধমানে ৯৯.৮৬ টাকা, হুগলিতে ১০০.১০ টাকা, দক্ষিণ দিনাজপুরে ১০০.১৪ টাকা, উত্তর দিনাজপুরে ১০০.২২ টাকা, মুর্শিদাবাদে ১০০.২৯ টাকা, দার্জিলিংয়ে ১০০.৫০ টাকা এবং দক্ষিণ ২৪ পরগনায় ১০০ টাকা প্রতি লিটার দরে ডিজেল বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। ফলে আগামী দিনে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং অপরিশোধিত তেলের দামের গতিপ্রকৃতির উপরই নির্ভর করবে ভারতে জ্বালানির দাম স্থিতিশীল থাকবে নাকি নতুন করে মূল্যবৃদ্ধি হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More