WB Police Recruitment Candidates List: পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় নয়া তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ হাইকোর্টের
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে লিখিত পরীক্ষার নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে।
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে লিখিত পরীক্ষার নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে। সেইসঙ্গে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার র নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন? ছিল না তালিকায়
আর হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার তালিকা প্রকাশের পরে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে। গত বছর সেই লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর ২৯ ডিসেম্বর ফলপ্রকাশ করা হয়। সেই তালিকায় নির্বাচিত প্রার্থীদের নাম ছিল। কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা জানানো হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে।
রিক্রুটমেন্ট বোর্ডকে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের
সেই পরিস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁরা দাবি করেন যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা না হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জাগছে। আর সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে।
পুলিশ নিয়োগের আরও একটি মামলা হাইকোর্টে
তারইমধ্যে মঙ্গলবার হাইকোর্টে পুলিশ নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আরও একটি মামলা উঠেছিল। সেই মামলায় বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন করে উচ্চতা মাপতে হবে ১৫ জন প্রার্থীর। সেজন্য ৪৮ ঘণ্টার ডেডলাইনও বেঁধে দেন। সেইসঙ্গে তিনি নির্দেশ দেন যে সাতদিনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে রিক্রুটমেন্ট বোর্ডকে।
ওই প্রার্থীরা দাবি করেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে উচ্চতা মাপা হয়। সেভাবেই বছরদুয়েক আগে তাঁরা পুলিশের একটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেইসময় পরিমাপ করে যে উচ্চতা দেখানো হয়েছিল, তা এখন কমে গিয়েছে। কীভাবে সেটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন প্রার্থী। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারস্থ হলেও কোনও সুরাহা মেলেনি। তাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


