WB Railway Project Taskforce: রেল প্রকল্পে গতি আনতে নবান্নের বড় পদক্ষেপ, মুখ্যসচিবের নেতৃত্বে ২০ সদস্যের টাস্কফোর্স
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে বহু কেন্দ্রীয় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এগোয় না। সেই সমস্যার সমাধান করতেই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।
রাজ্যে চলমান এবং প্রস্তাবিত রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে ২০ সদস্যের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করল নবান্ন। রেল প্রকল্প বাস্তবায়নের পথে জমি অধিগ্রহণ, প্রশাসনিক অনুমোদন, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা এবং পরিকাঠামোগত সমস্যার মতো নানা বাধা দূর করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে বহু কেন্দ্রীয় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এগোয় না। সেই সমস্যার সমাধান করতেই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। প্রশাসনের আশা, এর ফলে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের প্রক্রিয়া অনেক দ্রুত হবে।
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নবান্ন সফরে এসে পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় এক লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন। তার পরপরই রেল প্রকল্পগুলির কাজে যাতে কোনও প্রশাসনিক বা পরিকাঠামোগত জটিলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে সক্রিয় হয়েছে রাজ্য সরকার।
প্রশাসনিক সূত্রের দাবি, চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ দীর্ঘদিন আটকে ছিল বিভিন্ন জটিলতার কারণে। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সেই জট কাটানো সম্ভব হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
নতুন টাস্ক ফোর্সে স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি অর্থ দপ্তরের প্রতিনিধি, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কলকাতা পুরসভার কমিশনার, রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে রাখা হয়েছে। এছাড়াও পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, কলকাতা মেট্রো রেল এবং রেল বিকাশ নিগম লিমিটেডের প্রতিনিধিরাও এই কমিটিতে থাকবেন। টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে রেল প্রকল্প সংক্রান্ত যে কোনও সমস্যা দ্রুত চিহ্নিত করে তার সমাধান করা। পাশাপাশি রাজ্যের চলমান ও প্রস্তাবিত সমস্ত গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অগ্রগতি প্রতি সপ্তাহে পর্যালোচনা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করা যায়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


