WB Rain Forecast Latest Updates: পুজোর আগে বৃষ্টির দাপট কবে কাটবে? শুক্রবারও ভারী বৃষ্টি, রবিবার থেকে মিলবে রোদের দেখা

আবহাওয়া দপ্তর বলছে, এই খারাপ সময় খুব বেশি দিন চলবে না। সপ্তাহের শেষেই ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার থেকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ফলে আগামী সপ্তাহে মেঘ সরে রোদের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

Published on: Sep 25, 2026, 11:32:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পুজোর মুখে ফের অস্বস্তিতে বঙ্গবাসী। কয়েক দিনের টানা বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তেই জনজীবন ব্যাহত হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জল জমেছে। কোথাও রাস্তাঘাট ডুবে গিয়েছে, কোথাও আবার নিত্যযাতায়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা স্বস্তির নয়। নদীর জলস্তর বাড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে উৎসবের আগে আবহাওয়ার এমন পরিস্থিতিতে চিন্তা বাড়ছে মানুষের।

Kolkata: People wade through a busy local market during rain triggered by a weather system over the Bay of Bengal, in Kolkata, Thursday, Sept. 24, 2026. (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_24_2026_000199B) (PTI)
Kolkata: People wade through a busy local market during rain triggered by a weather system over the Bay of Bengal, in Kolkata, Thursday, Sept. 24, 2026. (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_24_2026_000199B) (PTI)

তবে আবহাওয়া দপ্তর বলছে, এই খারাপ সময় খুব বেশি দিন চলবে না। সপ্তাহের শেষেই ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার থেকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ফলে আগামী সপ্তাহে মেঘ সরে রোদের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা এবং তার সংলগ্ন ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। সেটি অতি গভীর নিম্নচাপের পর্যায় পেরিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার গতিপথ উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে। ধীরে ধীরে সেটি স্থলভাগের আরও ভিতরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও সমুদ্র এলাকায় ঝড়ো হাওয়ার প্রভাব কিছুটা সময় থাকতে পারে।

শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে শুক্রবারও বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে ধীরে ধীরে বদল আসতে পারে। বৃষ্টির দাপট কিছুটা কমার পর রবিবার থেকে আরও স্বস্তি ফিরবে বলে পূর্বাভাস। তাই আপাতত ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ থাকলেও কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের জন্য অবশ্য শুক্রবারও রয়েছে বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে কোথাও ধস নামতে পারে বলেও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর এবং পাহাড়ি রাস্তাঘাটের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে রবিবার থেকে সেখানেও বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ পুজোর আগে এখন মূল অপেক্ষা বৃষ্টি থামার। শুক্রবার এবং শনিবার আরও কিছুটা দুর্যোগের সম্ভাবনা থাকলেও রবিবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। আগামী সপ্তাহে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলে উৎসবের প্রস্তুতিতেও গতি ফিরবে। আপাতত তাই আরও দুদিন সতর্ক থাকার পরামর্শই দিচ্ছে আবহাওয়া দপ্তর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More