শনিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!তুমুল বর্ষণ ৪ জেলায়, রইল আবহাওয়ার পূর্বাভাস

শ্রাবণের শেষলগ্নে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু করেছে টি২০ মেজাজে ইনিংস!

Published on: Aug 11, 2026, 22:12:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোমের সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বর্ষণ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর, মঙ্গলবারের আবহাওয়ার বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে বুধবার সেই অঞ্চলেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার জেরে শনিবার পর্যন্ত দুর্যোগের বর্ষণ দক্ষিণবঙ্গে চলতে পারে। কয়েক জেলায় শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি।

শনিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!তুমুল বর্ষণ ৪ জেলায়,রইল পূর্বাভাস। (ছবি সৌজন্যে এএনআই)
শনিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!তুমুল বর্ষণ ৪ জেলায়,রইল পূর্বাভাস। (ছবি সৌজন্যে এএনআই)

শ্রাবণের শেষলগ্নে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু করেছে টি২০ মেজাজে ইনিংস! সোমবার ইতিমধ্যেই ব্যাপক বর্ষণের সাক্ষী থেকেছে কলকাতা থেকে জেলা। এরই মাঝে বর্ষার মেজাজ আরও শানিয়ে শনিবার পর্যন্ত দুর্যোগের বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন একাধিক জেলায় ব্যাপক বর্ষণ হতে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বুধে হতে পারে ভারী বর্ষণ। এই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে শুক্রবার ভারী বর্ষণ হতে পারে। বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায় শনিবার রয়েছে প্রবল বর্ষণের সম্ভাবনা। শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট।

এদিকে, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। মাঝে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More