সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! শীতের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টি? এক নজরে আবহাওয়ার আপডেট

শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে।

Published on: Feb 18, 2026, 16:22:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তাপমাত্রার পারদ বাড়ছে ধীরে ধীরে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই এখন আর শীতের আমেজ তেমন নেই। গরম বাড়ছে। সোয়েটার-মাফলারের প্রয়োজন আগেই ফুরিয়েছিল। কিন্তু রাতে ঠান্ডার একটা ভাব ছিল। তবে এবার রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মূলত, পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তরে হাওয়ার জোগানে পড়েছে কোপ। যার ফলে রোদের তেজে আরও বাড়বে।

এক নজরে আবহাওয়ার আপডেট (Hindustan Times)
এক নজরে আবহাওয়ার আপডেট (Hindustan Times)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ভালো খবর হল, এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। চলতি সপ্তাহে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে আগামীকাল থেকে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মত নিচে রয়েছে। তবে সেটাও ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষের দিকে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে। উপকুলের জেলা যেমন-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলা যেমন-বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে। তবে সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সংৰে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর-সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি,মালদহ ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারি মাস শেষ হতেই পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা।