'তৃণমূল নেতারা এলে বেঁধে রাখুন, তারপর সিআরপিএফ পাঠিয়ে উল্টো করে ঝোলাব'
Jagannath Chattopadhyay: ১৩ এপ্রিল রাতে সিউড়ির ১৪ নম্বর ওয়ার্ডের এক পথসভায় জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের এই চোরেদের সরকার আগামী ৭-৮ দিন টাকা বিলি করবে। টাকা দিতে এলে বেঁধে রাখুন, ভিডিও করুন। তারপর সিআরপিএফ পাঠিয়ে উল্টো করে ঝোলাব, ভোটের আগেই শুরু করব।’
Jagannath Chattopadhyay: তৃণমূল নেতাদের বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কিত মন্তব্য সিউড়ির বিজেপি প্রার্থী জগন্না চট্টোপাধ্যায়ের। কয়েকদিন আগেই ভোটবঙ্গে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, তৃণমূলের দুষ্কৃতীদের উল্টো করে ঝোলাবেন। আর ১৩ এপ্রিল সিউড়ির এক জনসভা থেকে বিজেপি প্রার্থী বলেন, 'সিআরপিএফ দিয়ে উল্টো করে তৃণমূল নেতাদের ঝোলাব'। জগন্নাথের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পুরভোটের মতো এবারও টাকা বিলি করে জেতার পরিকল্পনা করছে। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতাকর্মীদের বেঁধে রাখার কথা বলেন তিনি। এই মন্তব্যের সমালোচনা করেছেন সিউড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরই সঙ্গে জগন্নাথের 'উস্কানিমূলক' মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশও করা হয়েছে।

জানা গিয়েছে, ১৩ এপ্রিল রাতে সিউড়ির ১৪ নম্বর ওয়ার্ডের এক পথসভায় জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূলের এই চোরেদের সরকার আগামী ৭-৮ দিন টাকা বিলি করবে। টাকা দিতে এলে বেঁধে রাখুন, ভিডিও করুন। তারপর সিআরপিএফ পাঠিয়ে উল্টো করে ঝোলাব, ভোটের আগেই শুরু করব। আর যদি না পারেন, সাহস না থাকে তাহলে ৫ হাজার দিতে গেলে ১০ হাজার চান, ১০ দিতে এলে ২০ চান। বলবেন এখন জিনিসের দাম বেড়েছে।'
বিজেপি প্রার্থী আরও বলেন, 'আগের পুরো ভোটে তোমরা বন্দুকের নলে জিতেছিলে। এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আইনের শাসন হচ্ছে পুরভোটের দিন বিরোধী প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে। পুলিশ শাসানি দিয়ে প্রার্থী পদ তুলে নিতে বলছে পুলিশ। আমরা সেই প্রার্থীদের তালিকা তৈরি করে রেখেছি। তখন অপরাধীদের সঠিক অ্যান্টিবায়োটিক দেব। যে সমস্ত অফিসার, পুলিশের লোকজন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে বলে গিয়েছেন অমিত শাহ।'
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় আবার বলেন, 'জগন্নাথ চট্টোপাধ্যায় ধারাবাহিকভাবে অবাস্তব ও উস্কানিমূলক মন্তব্য করছেন। গত বিধানসভায় সিউড়ির মানুষ গণতান্ত্রিক উপায়ে ওঁর পা ভেঙে দিয়েছিল। এবারও মানুষ গণতান্ত্রিক উপায়ে ওঁর কোমর ভেঙে দেবে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


