Partition Museum: কাঁটাতারের ওপারে হারানো ভিটের স্মৃতি! পাঞ্জাবের ধাঁচে বাংলার প্রথম পার্টিশন মিউজিয়াম

Partition Museum: নবান্ন সূত্রে খবর, মিউজিয়ামের জন্য উত্তর কলকাতার পোস্তা এলাকায় অবস্থিত অর্থ মন্ত্রকের অধীনস্থ পুরনো টাঁকশালের জমি এবং রাজারহাট—এই দুই জায়গা বিবেচনায় রয়েছে। প্রকল্পের জন্য প্রায় ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন।

Published on: Nov 12, 2026, 23:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Partition Museum: দেশভাগ নিয়ে ঠাকু’মা-দিদি’মাদের মুখে শোনা গল্পগুলো আজও বহু মানুষের বুকে কাঁটার মতো বেঁধে৷ রাতারাতি বদলে যাওয়া মানচিত্র, এক কাপড়ে অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দেওয়া, আর কাঁটাতারের ওপারে ফেলে আসা শৈশব— দেশভাগ মানেই ছিন্নমূল হওয়ার যন্ত্রণার ইতিহাস৷ ওপার বাংলা থেকে এপারে চলে আসা অসংখ্য মানুষের কাছে দেশভাগ আজও এক জ্বলন্ত আবেগ, এক দগদগে ক্ষত৷ এবার দেশভাগের ইতিহাস, উদ্বাস্তু জীবনের লড়াই এবং হারিয়ে যাওয়া ভিটেমাটির স্মৃতি সংরক্ষিত হতে চলেছে বাংলার নিজস্ব পার্টিশন মিউজিয়ামে। পাঞ্জাবের অমৃতসরের পার্টিশন মিউজিয়ামের ধাঁচে কলকাতায় এই সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানে দেশভাগের সঙ্গে জড়িয়ে থাকা নানা সামগ্রী, চিঠিপত্র, দলিল, স্মৃতিকথা ও ব্যক্তিগত অভিজ্ঞতা সংরক্ষিত থাকবে। শুধু ইতিহাসের দলিল নয়, কয়েক প্রজন্মের বয়ে বেড়ানো যন্ত্রণারও সাক্ষী হয়ে উঠবে এই মিউজিয়াম।

কাঁটাতারের ওপারে হারানো ভিটের স্মৃতি! পাঞ্জাবের ধাঁচে বাংলার প্রথম পার্টিশন মিউজিয়াম
কাঁটাতারের ওপারে হারানো ভিটের স্মৃতি! পাঞ্জাবের ধাঁচে বাংলার প্রথম পার্টিশন মিউজিয়াম

কী কী থাকছে এই মিউজিয়ামে?

প্রশাসনিক সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের আনা ভাঙা তোরঙ্গ, পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার, পুরনো খাম, পঞ্চম জর্জের মুদ্রা, নকশিকাঁথা বা শাল, মার্কশিট, রেশন কার্ড, পরিত্যক্ত বাড়ির চাবি, সেলাই মেশিন, বিয়ের শাড়ি বা গয়না এবং চিঠিপত্র থাকতে পারে। পাশাপাশি থাকবে দেশভাগ প্রত্যক্ষ করা মানুষদের অডিও-ভিডিও সাক্ষাৎকার, উদ্বাস্তু কলোনির ইতিহাস এবং মরিচঝাঁপির মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতি। অর্থাৎ ইতিহাসের পাশাপাশি ব্যক্তিগত স্মৃতিই হবে এই সংগ্রহশালার অন্যতম আকর্ষণ। যাতে দর্শকরা সহজেই তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারেন৷

নবান্ন সূত্রে খবর, মিউজিয়ামের জন্য উত্তর কলকাতার পোস্তা এলাকায় অবস্থিত অর্থ মন্ত্রকের অধীনস্থ পুরনো টাঁকশালের জমি এবং রাজারহাট—এই দুই জায়গা বিবেচনায় রয়েছে। প্রকল্পের জন্য প্রায় ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহনের ঘরে এই প্রকল্প নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ছিলেন বিশেষজ্ঞ রেশমী দাশগুপ্ত ও ‘ইনস্টিটিউট অফ সোশাল অ্যান্ড কালচারাল স্টাডিজ’-এর ডিরেক্টর তথা ‘বেঙ্গল পার্টিশন মিউজিয়াম’-এর কনসেপ্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হলোকাস্ট মিউজিয়াম থেকে শুরু করে জার্মানির কনসেনট্রেশন ক্যাম্প, ‘পার্টিশন’ বিষয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক সংগ্রহশালা দেখার সুযোগ হয়েছে অরিন্দমবাবুর। অমৃতসরের পার্টিশন মিউজিয়াম এবং দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে দেশভাগ সংক্রান্ত সংগ্রহশালাও দেখেছেন। সব অভিজ্ঞতার মিশেলেই কনসেপ্ট নোট তৈরি করছেন তিনি। অরিন্দমবাবুর পর্যবেক্ষণ, এখন মিউজিয়ামের কনসেপ্ট বদলে গিয়েছে। সংগ্রহালয় এখন ইন্টারঅ্যাকটিভ। এআই প্রযুক্তি ব্যবহার করতে হবে। এখানেও আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ৩৬০ ডিগ্রি ইন্টারঅ্যাকটিভ মিউজিয়াম হবে। তবে প্রকল্পটি যে প্রাথমিক স্তরে রয়েছে তা বারবার মনে করিয়েছেন অরিন্দমবাবু। তিনি বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে ঐতিহাসিকদের যুক্ত করা হবে। স্বাধীনতার পর থেকে শুরু করে দণ্ডকারণ‌্য, আন্দামানে ছড়িয়ে গিয়েছেন বহু শরণার্থী। সব কলোনির ইতিহাস, তথ্য সংগ্রহ করা হবে।’ সুন্দরবনের মরিচঝাঁপির গল্পও থাকতে পারে।

দেশভাগের জেরে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঞ্জাব ও বাংলা। বাংলায় অভিঘাত ছিল অবশ্য অনেক বেশি। অথচ, বাংলায় এতদিন এমন উদ্যোগ বাস্তবায়িত হয়নি। অভিযোগ, নেহরু জমানায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রাপ্য গুরুত্ব দিতে অনীহা ছিল কংগ্রেসের। দেশভাগ ও পশ্চিমবঙ্গ সৃষ্টিতে তাঁর ভূমিকা মিউজিয়ামে তুলে ধরা হলে রাজনৈতিক অস্বস্তি তৈরি হতে পারত। সেই কারণেই কংগ্রেস, বাম ও তৃণমূল আমলে উদ্যোগটি গুরুত্ব পায়নি বলে প্রশ্ন উঠছে। এবার সেই অভাব পূরণের পরিকল্পনা। মিউজিয়ামে পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা এবং দেশভাগ নিয়ে তাঁর ভাষণও বিশেষভাবে সংরক্ষণের ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ১৯৩৭ সালে যাত্রা শুরুর পর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক হয়ে উঠেছিল কলকাতা বিধানসভা। এখানে পার্টিশন নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনেক জ্বালাময়ী ভাষণ আছে। সেগুলির সংকলনও মজুত রাখা হবে এখানে। অরিন্দমবাবু জানান, দেশভাগের সঙ্গে জড়িয়ে থাকা অনেক স্মৃতিচিহ্ন রয়েছে অনেকের কাছে। হাতে লেখা ডায়েরি, পান্ডুলিপি, হস্তশিল্প ইত্যাদি। বিজ্ঞাপন দিয়ে সেগুলি দানের জন্য আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন অরিন্দমবাবু।

উল্লেখ্য, ভারতে দুটি পার্টিশন মিউজিয়াম রয়েছে। ২০১৬ সালের ২৪ অক্টোবর অমৃতসরের মিউজিয়ামের চারটি গ্যালারির উদ্বোধন হয়। পরবর্তীতে ‘পার্টিশন রিমেমব্রেন্স ডে’ উপলক্ষে ২০১৭ সালের ১৭ আগস্ট ১৪টি গ্যালারি-সহ এটি সাধারণ দর্শকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়। এই জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ শরণার্থীদের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। এছাড়াও দেশভাগ প্রত্যক্ষ করা প্রথম প্রজন্মের মানুষদের একশোটিরও বেশি ভিডিও ও অডিও সাক্ষাৎকার এখানে শোনা ও দেখা যায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, কোমাগাতা মারু ঘটনা, সাইমন কমিশন এবং সীমানা নির্ধারণকারী র‍্যাডক্লিফ লাইনের মূল মানচিত্র ও তৎকালীন সংবাদপত্রের কাটিং রয়েছে এখানে।

২০২৩ সালের ১৮ মে দিল্লির কাশ্মীরি গেটে অবস্থিত ড. বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঐতিহাসিক দারা শিকো লাইব্রেরি ভবনে ভারতের দ্বিতীয় পার্টিশন মিউজিয়ামটির উদ্বোধন হয়। এখানে উদ্বাস্তুদের বয়ে আনা সামগ্রীর পাশাপাশি, দেশভাগের পর শরণার্থীদের পুনর্বাসনের জন্য দিল্লিতে গড়ে ওঠা লাজপত নগর, রাজেন্দ্র নগর, প্যাটেল নগর ও জঙ্গপুরার মতো কলোনিগুলোর ইতিহাস এবং জনসংখ্যা পরিবর্তনের মানচিত্র প্রদর্শিত হয়েছে। অরিন্দমবাবু জানালেন, সংগ্রহালয়ের কাজ শুরু হচ্ছে। রেকর্ড করা হবে দেশভাগের ঘটনা প্রত্যক্ষ করা শরণার্থী পরিবারগুলির অভিজ্ঞতা। রেকর্ড করা হবে ভিডিও, অডিও। নতুন করে সংগ্রহ করা হবে উদ্বাস্তু কলোনির ইতিহাস।