West Bengal Weather, Rain Forecast: গভীর নিম্নচাপের জেরে হবে টানা বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। একই সঙ্গে উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Published on: Sep 23, 2026, 09:13:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সকাল থেকেই মুখ ভার আকাশের। কোথাও টানা বৃষ্টি, কোথাও আবার দফায় দফায় ঝেঁপে নামছে জল। তার মধ্যেই আরও বড় সতর্কবার্তা আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। একই সঙ্গে উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের ২৩ সেপ্টেম্বরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে। (ANI Photo)
ভারতীয় আবহাওয়া দফতরের ২৩ সেপ্টেম্বরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে। (ANI Photo)

ভারতীয় আবহাওয়া দফতরের ২৩ সেপ্টেম্বরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে। ২৪ সেপ্টেম্বরের জন্য রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২৫ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সময়ে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। অর্থাৎ, একটানা তিন দিনই আবহাওয়ার পরিস্থিতি অস্বস্তিকর থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বিশেষ নজরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বীরভূম এবং হাওড়ার কিছু অংশেও বৃষ্টি বাড়তে পারে। কলকাতাতেও আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে শহরের নিচু এলাকা, জল জমার প্রবণতা থাকা রাস্তাঘাট এবং যান চলাচল নিয়ে নতুন করে চিন্তা তৈরি হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড় এবং ডুয়ার্স এলাকাতেও পর্যটকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

গভীর নিম্নচাপের প্রভাব পড়ছে সমুদ্রেও। পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। সমুদ্রসৈকতে যাওয়া পর্যটকদের জন্যও সতর্কতা জারি হয়েছে। বঙ্গোপসাগরের এই সিস্টেমের প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার ক্ষেত্রে আপাতত ছবিটা কী? আইএমডির স্থানীয় পূর্বাভাস বলছে, ২৩ ও ২৪ সেপ্টেম্বর শহরে সাধারণত মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ সেপ্টেম্বরও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

অর্থাৎ, পুজোর মুখে ফের বদলে গেল আবহাওয়ার মেজাজ। আপাতত স্বস্তির খবর একটাই—২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। কিন্তু তার আগে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা নজর রাখতে হবে আকাশের দিকে। গভীর নিম্নচাপের জেরে কোথাও জল জমে জনজীবন ব্যাহত হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More