উত্তরে দুর্যোগ, দক্ষিণবঙ্গে দাবদাহ! ৫ জেলায় তেড়ে এসেছে বৃষ্টি, কী বলছে ওয়েদার রিপোর্ট?

বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র, শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

Published on: Mar 30, 2026, 14:07:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চৈত্র মাসেই দুর্যোগের ভ্রুকুটি। বৃষ্টি থামতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা। একদিকে যখন বৃষ্টি হচ্ছে তখন অন্যদিকে গরমও বাড়ছে পাল্লা দিয়ে। মাঝেমধ্যে তাপমাত্রা কমলেও আবার সেটা বেড়ে যাচ্ছে হু হু করে। এর মধ্যেই প্রশ্ন উঠছে, আজ কী বৃষ্টি হবে? আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে জেলাগুলিতে। এপ্রিলের প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে পারে। আগামী দু'দিন গোটা রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস।

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

বুধবার অর্থাৎ এপ্রিলের প্রথম দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র, শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এক নজরে কলকাতার আবহাওয়া

কলকাতাতেও আজ সারাদিনই আবহাওয়ার এই খামখেয়ালি রূপ দেখা যেতে পারে। সোমবার মহানগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ। তবে বাড়বে তাপমাত্রা। কলকাতার এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৩ শতাংশ। ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিবেশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে। পার্বত্য পাঁচ জেলার কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এপ্রিলের শুরুতেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা।