কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? সময়সীমা নিয়ে বড় আপডেট মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির

পরীক্ষা চলাকালীনই মাধ্যমিকের ফলাফল নিয়ে বড় ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়।

Published on: Feb 07, 2026 4:36 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিয়রে বিধানসভা নির্বাচন। তাই ভোটপ্রস্তুতির কর্মসূচিতে মেতে উঠেছে রাজনৈতিক দলগুলি। আর সেই কারণে এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে এবার পরীক্ষার মাঝেই অভিভাবক এবং পরীক্ষার্থীদের মধ্যে চলছে অন্য প্রশ্ন, আর সেটি হল কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট। আর এই আবহে পরীক্ষা চলাকালীনই মাধ্যমিকের ফলাফল নিয়ে বড় ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়।

কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? (Sudipta Banerjee)
কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? (Sudipta Banerjee)

স্কুল পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি

জানা গেছে, শনিবার ভূগোল পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয়, দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। স্কুলের নিরাপত্তা পরিকাঠামো-সহ অন্যান্য ব্যবস্থাপনা দেখে বেশ খুশি তিনি। কারণ গত বছরেও তিনি এই স্কুল পরিদর্শনে এসেছিলেন, এক বছরের মধ্যে যেভাবে বদল ঘটেছে তাতে অত্যন্ত খুশি তিনি। রামানুজ গঙ্গোপাধ্যায় আশা রাখছেন যে এই স্কুলটি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি এদিন তিনি মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়েও মন্তব্য করেছেন।

মাধ্যমিকের ফলপ্রকাশ কবে?

এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ' প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয় পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায়। এমনই নিয়ম চলে আসছে। তাই এবারেও সেটার ব্যতিক্রম হবে না। তবে মাধ্যমিকের ফলপ্রকাশের পাকাপাকি দিনক্ষণ পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।' প্রতিবারের মতো এবারও প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ নিয়মকানুন জারি করেছে পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালেকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ট্যাবলেটের মতো গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তাই আপাতত কোথাও প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসেনি, তাই স্বাভাবিকভাবে বেশ খুশি পর্ষদ সভাপতি।

মাধ্যমিক পরীক্ষা

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করেই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়তে পড়ুয়াদের ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেওয়া হয়। এবার মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। তারমধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। বাকি ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী মাত্র একজন। গোটা রাজ্যে মোট ২ হাজার ৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিক রাখতে সব কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ।