Weather Forecast: উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হাসফাঁস দফা! বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা? জেনে নিন

Weather Forecast: দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। এক ধাক্কায় ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি।

Published on: May 15, 2026 9:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weather Forecast: উত্তরবঙ্গে একদিকে যখন টানা প্রবল বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত, তখন ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় ফের বাড়ছে গরম ও অস্বস্তি। কয়েকদিন আগেও যেখানে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল, এখন আবার ধীরে ধীরে চড়ছে পারদ। স্বাভাবিকভাবেই সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে বর্ষা প্রবেশ করবে বঙ্গে? তা নিয়ে হাওয়া অফিস সুখবর শোনাতে পারেনি ঠিকই। তবে জানা যাচ্ছে, নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ফলে আশা করা যাচ্ছে, নির্ধারিত সময় অর্থাৎ জুনের মাঝামাঝি সময়েই বাংলাতেও প্রবেশ করবে বর্ষা।

বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা? (ছবি সৌজন্যে পিটিআই)
বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা? (ছবি সৌজন্যে পিটিআই)

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বর্ষা প্রবেশ করবে ভারতের দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পর্যটকদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময় ১৬ মে-র মধ্যে বর্ষা ঢোকে। এবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সঠিক সময়েই বর্ষার আগমন হবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। এক ধাক্কায় ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বল্প সময়ের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে বাঁচার উপায় নেই এই মুহূর্তে। আগামী দু’দিন আবহাওয়া একই রকম থাকবে আবহাওয়া।

এক নজরে উত্তরের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই।