Monsoon in India: দেশে ঢুকল বর্ষা! গরমে তপ্ত বাংলায় কাউন্টডাউন শুরু, উত্তরে ভারী বৃষ্টির দাপট

Monsoon in India: পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Published on: May 17, 2026, 18:44:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Monsoon in India: বাংলায় বাড়ছে গরমের দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। এর জেরে বাংলাজুড়েও বর্ষার কাউন্টডাউন শুরু হয়েছে। এই আবহে বাংলার আবহাওয়াতেও বড়সড় বদল দেখা যাচ্ছে। একইসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৬ মে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভারতের মূল ভূখণ্ড কেরালমে প্রবেশ করবে বর্ষা। এরমধ্যে মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা আবার উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেশে ঢুকল বর্ষা, গরমে তপ্ত বাংলায় কাউন্টডাউন শুরু
দেশে ঢুকল বর্ষা, গরমে তপ্ত বাংলায় কাউন্টডাউন শুরু

কেমন থাকবে দক্ষিণবঙ্গ?

তবে উত্তরবঙ্গে যখন বৃষ্টির দাপট, তখন উল্টো ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে তাপমাত্রা বাড়বে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরেই হালকা বৃষ্টির ছবিও দেখা যেতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। যার কারণে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে চরমে।

রবিবার কলকাতার পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। দু-এক জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। তবে রোদের তেজ বাড়ার কারণে গরম থাকছেই।

উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

এদিকে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। রবিবার আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবারও জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির দাপট কম থাকলেও বুধবার থেকে ফের আবহাওয়ার অবনতি হবে।