CPM-TMC: 'বিরোধ' ভুলে হাত মেলাবে বাম-তৃণমূল? পুরভোটে জোট কী জমবে? মুখ খুললেন বেবি

CPM-TMC: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বাংলার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল ঘটেছে। ১৫ বছর ক্ষমতার অলিন্দে থাকা তৃণমূল রীতিমতো অস্বিত্ব সংকটে। ফলে খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরতে চাইছে তৃণমূল।

Published on: Nov 23, 2026, 13:59:10 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CPM-TMC: কাছাকাছি। পাশাপাশি। কিন্তু হাতে হাত হবে কী? বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। দিল্লিতে ইন্ডিয়া জোটের মঞ্চে পাশাপাশি। ফোটো ফ্রেমে উষ্ণতা! কিন্তু বাংলায় নির্বাচনী সমকরণ কী হবে তা নিয়ে গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। সামনেই পুরভোট। এই আবহে রাজ্য-রাজনীতিতে কৌতুহল, বিজেপিকে টক্কর দিতে বাম, কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কী জোট বাঁধবে? সূত্রের খবর, বাম, কংগ্রেস এবং তৃণমূলের অন্দরে এ নিয়ে আলোচনাও চলছে। এর মধ্যেই রবিবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বুঝিয়ে দিলেন, রাজ্যস্তরে এই জোটের সিদ্ধান্ত থাকছে সেখানকার নেতৃত্বে হাতেই। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূল ও বাম হাত ধরলেও তাতে অবাক হওয়ার কিছু নেই।

সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি (PTI)
সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি (PTI)

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বাংলার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল ঘটেছে। ১৫ বছর ক্ষমতার অলিন্দে থাকা তৃণমূল রীতিমতো অস্বিত্ব সংকটে। ফলে খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরতে চাইছে তৃণমূল। এদিকে দিন কয়েক আগে কংগ্রেসের একটি বৈঠকে দলের নেতারাই স্পষ্টভাবে স্বীকার করেছেন, হওড়া-কলকাতায় তাঁদের তুলনায় বামেদের জমি বেশি পোক্ত। ফলে পুরভোটের আগে একদিকে তৃণমূলের সঙ্গে কংগ্রেস, অন্যদিকে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জল্পনা চলছে। বিজেপিকে প্রতিহত করতে বাম-তৃণমূল ও কংগ্রেস, তিনটি শক্তির একত্রিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার কলকাতায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের আয়োজিত সভায় তা নিয়ে প্রশ্ন করতেই কার্যত আলিমুদ্দিনের কোর্টেই বল ঠেললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।

এদিন জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেরল এবং ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তোলেন এম এ বেবি। তিনি বলেন, ‘কেরলমে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ লড়াই করে। কিন্তু জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’য় সিপিএম ও কংগ্রেস রয়েছে একসঙ্গে। বিজেপি, আরএসএসের মোকাবিলায় তৈরি হয়েছে এই জোট। সেখানে তৃণমূলও (মমতা বন্দ্যোপাধ্যায়) আছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে রাজ্য নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।’ সিপিএমের সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর এটা স্পষ্ট যে, বাংলায় বামেরা কার হাত ধরবে কিংবা আদৌ কোনও জোট হবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত আলিমুদ্দিনের হাতেই থাকছে। উল্লেখ্য, ২০১৬ সালে যে তৃণমূলকে পরাস্ত করতে বাম-কংগ্রেস হাত ধরেছিল, দশ বছরের ব্যবধানে চর্চায় সেই বাম-তৃণমূলের জোটের সম্ভাবনা। এতেই কার্যত প্রমাণিত, রাজনীতি মানেই ক্ষমতা দখলের লড়াই।