২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
TMC-CPIM Alliance: বাংলায় মমতার হাত ধরবে সিপিএম? জোট নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন বেবি
রবিবার কলকাতায় নবগঠিত সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের প্রথম অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এম এ বেবি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জাতীয় স্তরে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে রয়েছে।
জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে পাশাপাশি রয়েছে সিপিএম এবং তৃণমূল। কিন্তু বাংলার রাজনীতিতে দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ কি এ বার একই ছাতার তলায় আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাবেন সিপিএমের নেতারা? এই প্রশ্ন ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে, তখন অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। তাঁর বক্তব্য, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে দলের রাজ্য নেতৃত্ব। পরিস্থিতি বিচার করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনই তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। আবার জোটের বিষয়ে কোনও চূড়ান্ত সম্মতিও জানানো হয়নি।
রবিবার কলকাতায় নবগঠিত সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের প্রথম অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এম এ বেবি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জাতীয় স্তরে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে রয়েছে। কিন্তু রাজ্যে এই তিন দলের রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ আলাদা। বিশেষ করে সিপিএম এবং তৃণমূলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় নতুন কোনও সমীকরণ তৈরি হবে কি না, তা জানতে চাওয়া হয় বেবির কাছে।
জবাবে কেরলের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টানেন সিপিএমের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেরলে বামেদের নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ একে অপরের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু জাতীয় স্তরে বিজেপি ও আরএসএসের মোকাবিলায় তারা এক মঞ্চে রয়েছে। ইন্ডিয়া জোটে তৃণমূলও রয়েছে। ফলে জাতীয় রাজনীতির সমীকরণ এবং রাজ্যের নির্বাচনী সমীকরণ যে এক হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বাংলার ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই দায়িত্ব রাজ্য নেতৃত্বের হাতেই থাকবে। কেন্দ্রীয় নেতৃত্বও তাঁদের সঙ্গে আলোচনা করবে।
বেবির এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কারণ, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছে সিপিএম। বাম আমলের অবসানের পর ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। তার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছে বামেরা। দলের কর্মীদের উপর হামলা, খুন এবং ঘরছাড়া করার অভিযোগও একাধিক বার তুলেছে সিপিএম। ফলে এত দিনের রাজনৈতিক বিরোধিতা ভুলে দুই দল একসঙ্গে লড়াই করলে নিচুতলার কর্মী ও সমর্থকেরা কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিপিএমের রাজ্য নেতৃত্বের অবস্থানও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং দলের নেতা সুজন চক্রবর্তী আগেই তৃণমূলের সঙ্গে সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রশ্নই নেই। তবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার দরজা খোলা রেখেছে আলিমুদ্দিন।
অন্য দিকে, তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে বলেন, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। বিজেপির তরফে দিলীপ ঘোষ আবার সিপিএম ও তৃণমূলকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, দুই শিবিরই নিজেদের অবস্থান বারবার বদলাচ্ছে।
সব মিলিয়ে বাংলায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার যে আলোচনা চলছে, তাতে এম এ বেবির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে জাতীয় স্তরের সমীকরণ বাংলায় কার্যকর হবে কি না, তার উত্তর এখনও অজানা। আপাতত নজর আলিমুদ্দিন স্ট্রিটের সিদ্ধান্তের দিকে। বিশেষ করে আগামী পুরনির্বাচনকে সামনে রেখে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের রাজনৈতিক অবস্থান কোন দিকে মোড় নেয়, সেটাই এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় প্রশ্ন।
E-Paper
