Women Undergarments in front of Class: স্কুলে ক্লাসররুমের সামনে মহিলাদের অন্তর্বাস, হতবাক করে দেওয়া কাণ্ড পূর্বস্থলীতে
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠে। স্থানীয় এলাকায় দীর্ঘদিনের সুনাম রয়েছে এই স্কুলের। সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার সকালে যথারীতি স্কুল খোলার পর শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে ঢুকেই অস্বাভাবিক দৃশ্য দেখতে পান।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি স্কুলের ক্লাসঘর ও অফিস কক্ষের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল মহিলাদের অন্তর্বাস। এক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষক, শিক্ষাকর্মী থেকে পড়ুয়ারা। সোমবার সকালে এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠে। স্থানীয় এলাকায় দীর্ঘদিনের সুনাম রয়েছে এই স্কুলের। শুধু আশপাশের গ্রাম নয়, দূরদূরান্ত থেকেও বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার সকালে যথারীতি স্কুল খোলার পর শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে ঢুকেই অস্বাভাবিক দৃশ্য দেখতে পান।
স্কুল সূত্রে জানা গিয়েছে, একাধিক শ্রেণিকক্ষের সামনে মহিলাদের অন্তর্বাস পড়ে থাকতে দেখা যায়। শুধু ক্লাসঘরই নয়, স্কুলের অফিস কক্ষের সামনেও একই ধরনের জিনিস ছড়িয়ে ছিল। বিষয়টি নজরে আসতেই স্কুলের পরিবেশে অস্বস্তি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে শুরু করায় পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় এ ধরনের কাজকে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করেছে তারা। ঘটনার পিছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার প্রতিবাদে এবং সামাজিক সচেতনতার বার্তা দিতে স্কুলের পক্ষ থেকে একটি পদক্ষেপও নেওয়া হয়। ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে স্কুলের আশপাশের এলাকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। স্থানীয় বাজার এবং সংলগ্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে বিষয়টি জানানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর দে জানান, রবিবার স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়েই কেউ বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের অনুমান। তিনি বলেন, 'বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু এবং কুরুচিপূর্ণ। আমরা ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক প্রচার করেছি এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।' ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করার এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


