IPL Final Rain Forecast: বৃষ্টিতে ভিজতে পারে আইপিএলের ফাইনাল, ম্যাচ ভেস্তে গেলে ট্রফি উঠবে কাদের হাতে? জেনে নিন নিয়ম
IPL 2025-এর ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পোয়া বারো পঞ্জাবের। কেন কপাল পুড়বে RCB-র? দেখে নিন BCCI-এর নিয়ম।
রবিবার আমদাবাদে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে শুরু হয়। যদিও ২০ ওভারের পূর্ণ দৈর্ঘ্যের ম্যাচ আয়োজিত হয় শেষমেশ। ৩ জুন অর্থাৎ মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর ফাইনাল। উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবারও আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন হল, মঙ্গলবার আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কারা? বৃষ্টির হলে ম্যাচের ফলাফল নির্ধারণে বিসিসিআই কী বন্দোবস্ত রেখেছে, জেনে নেওয়া যাক সেই তথ্যও।
মঙ্গলবার আমদাবাদে বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার, অর্থাৎ আইপিএল ২০২৫-এর ফাইনালের দিনে আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা প্রবল ম্যাচ শুরুর আগে। ম্যাচ শুরুর সময়ে এবং রাতের দিকে ম্যাচ চলাকালীন আমদাবাদে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৬টায় আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা মোটে ৫ শতাংশ। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ।
আরও পড়ুন:- RCB vs PBKS IPL 2025 Final Live Streaming: খোঁজ মিলবে নতুন চ্যাম্পিয়নের, বিনা পয়সায় কবে-কখন-কোথায় দেখবেন আইপিএল ফাইনাল?
রিজার্ভ ডে আছে কি?
৩ জুন অর্থাৎ, মঙ্গলবার বৃষ্টি হলে ম্যাচ শেষ করার জন্য বাড়তি ২ ঘণ্টা সময় বরাদ্দ করেছে বিসিসিআই। অর্থাৎ, গভীর রাত পর্যন্ত খেলা চালিয়ে ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে। তবে যদি নিতান্তই মঙ্গলবার ফাইনাল আয়োজন করা না যায়, তবে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে'তে। ৪ জুন অর্থাৎ বুধবার পুনরায় একই মাঠে ও একই সময়ে শুরু হবে আইপিএল ফাইনাল। রিজার্ভ ডে-তেও বাড়তি ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকছে প্রকৃতিক দুর্যোগের কথা ভেবে।
আরও পড়ুন:- আদ্যন্ত টিম ম্যান ও নিঃস্বার্থ ক্রিকেটার, এই ভারতীয় তারকার ভূয়সী প্রশংসা করলেন গাভাসকর, কেন জানেন?
সুপার ওভারে নির্ধারিত হতে পারে ফলাফল
বৃষ্টিতে ২০ ওভারের খেলা আয়োজন সম্ভব না হলে অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। যদি তাও সম্ভব না হয়, তবে ১ ওভারের সুপার ওভারে ফাইনালের ফলাফল নির্ধারণের চেষ্টা করতে পারেন ম্যাচ অফিসিয়ালরা।
আরও পড়ুন:- চার ম্যাচে তৃতীয় শতরান কেসি কার্টির, আইরিশদের বিরুদ্ধে ১৭০ করেন, এবার ব্রিটিশদের 'পেটালেন' ক্যারিবিয়ান তারকা
ফাইনাল ভেস্তে গেলে পোয়া বারো পঞ্জাবের
যদি রিজার্ভ ডে-তেও আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা না যায়, তাহলে নিয়ম মতো লিগ টেবিলে যে দল উপরের ছিল, তাদের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ, ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে পঞ্জাব কিংস আইপিএল চ্যাম্পিয়ন হবে। কেননা তারা ১ নম্বরে থেকে লিগের খেলা শেষ করে। আরসিবি ছিল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।

