'আমি অপমানিত...,' কেন ছাড়লেন কোচিং? PCB-র বিরুদ্ধে বিস্ফোরক বাবরদের প্রাক্তন গুরু

২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই প্রাক্তন অজি ফাস্ট বোলার মাত্র আট মাসের মাথায় পদত্যাগ করেন।

Published on: Jan 2, 2026, 17:12:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'আমি অপমানিত হয়েছি।' অবশেষে পাকিস্তানের কোচিং সেটআপ থেকে তাঁর বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেস্পি। এক অনলাইন প্রশ্নোত্তরে তিনি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন, কেন তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

PCB-র বিরুদ্ধে বিস্ফোরক বাবরদের প্রাক্তন গুরু
PCB-র বিরুদ্ধে বিস্ফোরক বাবরদের প্রাক্তন গুরু

২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই প্রাক্তন অজি ফাস্ট বোলার মাত্র আট মাসের মাথায় পদত্যাগ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই তাঁর কোচিং অধ্যায়ের ইতি ঘটে। এক্সে হ্যান্ডেলে এক প্রশ্নোত্তর পর্বে এক নেটিজেন জেসন গিলেস্পিকে জিজ্ঞাসা করেন যে, তিনি কেন পাকিস্তানের টেস্ট কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। জবাবে গিলেস্পি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একাধিক সিদ্ধান্ত তাঁকে মানসিকভাবে আঘাত করেছে এবং তিনি অত্যন্ত অপমানিতবোধ করেছেন। তাঁর কথায়, 'আমি পাকিস্তানের টেস্ট দলের কোচ ছিলাম। পিসিবি আমাদের সিনিয়র সহকারী কোচকে হঠাৎ বরখাস্ত করে, অথচ আমাকে এ বিষয়ে একটিও কথা জানানো হয়নি। প্রধান কোচ হিসেবে এই পরিস্থিতিকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেছি। আরও বেশ কিছু সমস্যা ছিল, যাতে আমি অপমানিত হয়েছি।’

২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ওই সিরিজে ব্যাটিং ব্যর্থতা ও দলগত সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে তারা। তার অন্তর্বর্তীকালীন কোচিংয়ে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তবে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম টেস্টে হারের পর পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে দলটি। স্পিন সহায়ক উইকেটে এই জয় গিলেস্পির সংক্ষিপ্ত কোচিং মেয়াদের বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। এর আগে এক নেটিজেন তাঁকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে প্রশ্ন করলে গিলেস্পি এই লিগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট।’ এরপর প্রশ্ন আসে, পিএসএল পছন্দ হলে তিনি কেন পাকিস্তান ক্রিকেট ছেড়ে দিলেন? জবাবে গিলেস্পি তখন নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। গিলেস্পির মন্তব্য পাকিস্তান ক্রিকেটে স্বচ্ছতার অভাব ও দুর্বল সিদ্ধান্ত গ্রহণের চিত্র স্পষ্ট করেছে। এখনও পর্যন্ত পিসিবি তাঁর এই অভিযোগের কোনও জবাব দেয়নি।